কিশোরগঞ্জে চিকিৎসকের ঝুলন্ত লাশ, পরিবারের দাবি হত্যা
“তাকে তার স্ত্রী ও ভাইয়েরা পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজিয়েছে”, দাবি করেন চিকিৎসকের বাবা।
কিশোরগঞ্জের হোসেনপুরে এক চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে পরিবার দাবি করেছে, তাকে হত্যা করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ১২টার দিকে হোসেনপুর পৌর সদরের ঢেকিয়া এলাকার একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয় বলে হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু জানান।
নিহত আরিফুল ইসলাম (২৯) মিঠামইন সদর ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে। তিনি হোসেনপুর পৌর সদরের মডার্ন জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক ছিলেন। সেই ক্লিনিকে নিজেও চেম্বার করতেন।
ওসি আসাদুজ্জামান টিটু সাংবাদিকদের বলেন, “পুলিশ যখন লাশ উদ্ধার করে তখন ঘরের দরজা ভেতর থেকে লাগানো ছিল। আরিফুলের মরদেহ ফ্যানের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় ছিল। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
আরিফুলের বাবা রফিকুল ইসলাম বলেন, ২০২১ সালের ১১ ডিসেম্বর পাকুন্দিয়া উপজেলার চরকাওনা গ্রামের ডা. শাহিন সুলতানা মীরাকে বিয়ে করেন আরিফুল। ২০২২ সালের শেষ দিকে স্বামী-স্ত্রী দুজন মিলে ক্লিনিকটি চালু করেন। দুজন ক্লিনিকের পাশেই একটি বাসায় ভাড়া থাকতেন।
“কিছুদিন আগে থেকে তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। শনিবার রাত পৌনে ২টার দিকে থানা থেকে ফোনে জানানো হয়, আমার ছেলে আত্মহত্যা করেছে।”
রফিকুল দাবি করেন, “আমার ছেলে আত্মহত্যা করতে পারে না। তাকে তার স্ত্রী ও ভাইয়েরা পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজিয়েছে। আরিফুলের হাত-মুখসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।
