২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে মাটিতে পুঁতে ও পানিতে চুবিয়ে নির্যাতনের ঘটনায় মামলা

আসামিদের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2023, 11:40 PM

Updated : 29 Aug 2023, 11:40 PM

রাজশাহীর চারঘাটে টাকা চুরির অপবাদে দুই যুবককে বুক সমান মাটিতে পুঁতে ও পানিতে চুবিয়ে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে।

ঘটনার ১ মাস ২০ দিন পর সোমবার রাতে নির্যাতনের শিকার মোহন ইসলামের মা নাসিমা বেগম বাদী হয়ে চারঘাট থানায় মামলাটি করেন বলে জানান পরিদর্শক (তদন্ত) আবজাল হোসেন।

মামলায় নয়জনের নাম উল্লেখ করে ১৩ জনকে আসামি করা হয়েছে, এদের মধ্যে চারজন অজ্ঞাত।

এজাহারভুক্ত আসামিরা হলেন, চারঘাটের চামটা গ্রামের মুক্তার হোসেন মুক্তা (৪০), একই গ্রামের মো. শুভ (২২), সলুয়া গ্রামের আব্দুল ওয়াদুদ শুভ (৩৫), শিবপুর গ্রামের সাব্বির হোসেন (৩৮), দৌলতপুর গ্রামের ঋত্বিক (২৩), একই গ্রামের জিনারুল (৪০), সাকলাইন (৩৬), সলুয়া গ্রামের ছেলে লালন (৩০) এবং একই গ্রামের মিজান (৩৫)।

এদের মধ্যে আব্দুল ওয়াদুদ শুভ সলুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

আবজাল হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

গত ৯ জুলাই চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের মছু নামে এক যুবককে স্থানীয় মালেকের মোড় থেকে তুলে নিয়ে যায় মুক্তা ও শুভর নেতৃত্বে কয়েক যুবক।

তার বিরুদ্ধে এক নারীর ১ লাখ ৬০ হাজার টাকা চুরির অভিযোগে নির্যাতন করা হয়। টাকার দাবিতে মছুকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে নির্যাতন করা হয়। নির্যাতন সইতে না পেরে মোহন ইসলামের কাছে টাকা আছে বলে মছু জানায়। এর পর মুক্তা-শুভর বাহিনী মোহনকে তুলে নিয়ে গিয়ে দিনভর নির্যাতন করে।

মোহন বলেন, “সেদিন বিকালে আমাকে তুলে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে ফেলে রাখে বিলের পানিতে। পানিতে চুবিয়ে রেখে চলে জিজ্ঞাসাবাদ। সে সময় মাথা তুলে না রাখলে আমি মারা যেতাম।”

মোহনের মা ও মামলার বাদী গ্রাম পুলিশ সদস্য নাসিমা খাতুন বলেন, “ঘটনার মাসখানেক পর দুই যুবককে মাটিতে পুঁতে ও পানিতে চুবানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নড়েচড়ে বসে প্রশাসন। পুলিশ প্রথমে থানায় জিডি করে আমাদের মামলা করতে বলে। কিন্তু ঘটনার পর থেকে বিষয়টি কাউকে না বলার জন্য আসামিরা হুমকি দিয়ে আসছিল। আসামিদের বিচার নিশ্চিত করার বিষয়ে পুলিশের আশ্বাসে মামলা করি।”

অনেকদিন পরে হলেও মামলা করতে পেরে খুশি নাসিমা। তিনি বলেন, “আমার চাওয়া দ্রুত তদন্ত শেষে ন্যায্য বিচার নিশ্চিত করা হোক।”

আরও পড়ুন:

পুরনো খবর:

মাটিতে পুঁতে, হাত-পা বেঁধে, পানিতে চুবিয়ে নির্যাতন