মাটিতে পুঁতে, হাত-পা বেঁধে, পানিতে চুবিয়ে নির্যাতন
নির্যাতনে জড়িত থাকার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। ভিডিও ভাইরাল হওয়ার পর জিডি করেছে পুলিশ।
রাজশাহীর চারঘাটে চার যুবককে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।
এদের মধ্যে জুলাইয়ের শুরুতে একজনকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে পেটানো হয়েছে, একজনকে হাত পা ও চোখ বেঁধে পানিতে চুবানো হয়েছে। বাকি দুইজনকেও বেঁধে পেটানো হয়েছে সম্প্রতি। এতে একজনের হাত ভেঙে গেছে।
সম্প্রতি নির্যাতনের ভিডিও ফাঁস হলে বিষয়টি জানাজানি হয়। এরপর নিজেরা সাধারণ ডায়েরি করে ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ করে আনুষ্ঠানিক অভিযোগ করতে বলেছে পুলিশ। তবে তারা এ পথে আগায়নি।
ভুক্তভোগীদের অভিযোগ, উপজেলার শলুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুর ওয়াদুদ শুভ ও তার সহযোগী সাব্বির হোসেন, মুক্তার হোসেন মুক্তা ও লালন আলী তাদেরকে তুলে নিয়ে এভাবে নির্যাতন করে।
নির্যাতনের শিকার চার জন হলেন- ২২ বছর বয়সী তরুণ মোহন আলী, তার প্রতিবেশী ২০ বছর বয়সী মছু মিয়া, ১৮ বছর বয়সী নুর মোহাম্মদ পলক ও তার ২০ বছর বয়সী খালাত ভাই শাকিল রহমান।
ভুক্তভোগী দুজনের বাড়ি শলুয়া ইউনিয়নের কানাজগাড়ি এবং বাকি দুইজনের বাড়ি একই ইউনিয়নের দৌলতপুর গ্রামে।
এদের মধ্যে মোহনকে হাত-পা ও চোখ-মুখ বেঁধে পুকুরের পানিতে ডুবিয়ে রাখা হয়। মছুকে কমর পর্যন্ত মাটিতে পুতে পেটানো হয়।
বাকি দুই তরুণ পলক ও শাকিলকে চোখ-মুখ বেঁধে পেটানো হয়েছে। এতে শাকিলের হাত ভেঙে গেছে।
প্রথম দুই জনকে চুরির অপবাদ দিয়ে নির্যাতন করা হয়েছে। অন্য দুই তরুণের অভিযোগ, তাদেরকে পেটানো হয়েছে ফেনসিডিল বিক্রি করতে রাজি না হওয়ায়।
তবে যার বিরুদ্ধে অভিযোগ, সেই ছাত্রলীগ নেতা দাবি করেছেন, তিনি কিছুই জানেন না। এমনকি ভুক্তভোগীদের নামও জানেন না তিনি।
অন্যের গরু চুরির টাকা আদায়ে নির্যাতন, তবে টাকার হদিস নেই
মোহন আলী ও মছু মিয়াকে গত ৯ জুলাই দুপুরে মালেকার মোড় থেকে তাদের তুলে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়। এই ঘটনার একটি ভিডিও সম্প্রতি ফেইসবুকে ভাইরাল হয়।
মোহনের মা শলুয়া ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য নাসিমা বেগম জানান, গত ১ জুলাই প্রতিবেশী পারুলের বাড়ি থেকে গরু বিক্রির এক লাখ ৬০ হাজার টাকা চুরি হয়।
এ ঘটনায় জড়িত থাকার সন্দেহ মছুকে তুলে নিয়ে গিয়ে কানাজগাড়ি বিলের মধ্যে নিয়ে গিয়ে একটি পুকুর পাড়ে মাটিতে পুঁতে নির্যাতন করা হয়।
সে সময় তিনি সহযোগী হিসেবে মোহনের নাম বললে তাকেও তুলে নিয়ে হাত-পা ও চোখ-মুখ বেঁধে পুকুরের পানিতে ডুবিয়ে টাকা চুরির স্বীকারোক্তি নেয়ার চেষ্টা করা হয়।
ভিডিও ফেইসবুকে ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, একটি পুকুরে হাত-পা বেঁধে ফেলে হাঁটু পানিতে ডুবিয়ে রাখা হয়েছে একজনকে। মাঝে মাঝে মাথা তুলে তিনি শ্বাস নিচ্ছেন। পাশে একজন সেটি দাঁড়িয়ে দেখছেন এবং আরেকজন স্বীকারোক্তি আদায় করার ভিডিও করছেন।
‘নির্যাতনে জড়িত’ শুভ ও মুক্তা এলাকার প্রভাবশালী হওয়ায় তারা ভয়ে থানায় অভিযোগ করেননি বলে জানান ভুক্তভোগী মোহনের মা।
নির্যাতনের শিকার মোহন বলেন, “আমি মালেকার মোড়ে কাঠ মিলে কাজ করছিলাম। এ শুভ, মুক্তা, মিজান গিয়ে আমাকে ধরে নিয়ে আসে। তারা আমার হাত-পা, মুখ-চোখ বেঁধে পানিতে ডুবিয়ে রেখে নির্যাতন করে। তাদের নির্যাতনে আমার শরীরে এখনো ব্যাথা আছে। এখন ভারী কাজ করতে পারি না।”
পারুল বলেন, “আমার বাড়িতে গরু বিক্রির এক লাখ ৬০ হাজার টাকা ছিল। মছু আমার বাড়ি থেকে টাকা চুরি করে নিয়ে গেছে এটা সত্য। তবে আমি কাউকে টাকা উদ্ধার করে দিতে বলিনি। মুক্তা ও শুভ কেন এসব করেছে আমি জানি না। শুনেছি মছুর কাছ থেকে মুক্তা কিছু টাকা উদ্ধার করেছে। তবে সেই টাকা আমাকে সে দেয়নি।”
‘মাদক বিক্রিতে রাজি না হওয়ায় নির্যাতন’
অন্য দুই ভুক্তভোগীর মধ্যে শাকিল জানিয়েছেন, গত বৃহস্পতিবার দুপুরে তাকে তুলে নিয়ে হাত পা বেঁধে পেটানো হয়েছে।
তিনি জানান, নির্যাতনে করে বাম হাত ভেঙে গেলে তাকে সে অবস্থায় তাকে রাস্তার পাশে ফেলে চলে যাওয়া হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে পাঠায়।
শাকিল বলেন, “দুইদিন আগে শুভ ও মুক্তা আমার বাড়িতে এসে তাদের ফেনসিডিল বিক্রি করার প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় আমাদের এভাবে নির্যাতন করা হয়।
“এ ঘটনার পর আবার রাত একটার দিকে বাড়িতে গিয়ে নির্যাতনের বিষয়টি প্রকাশ না করার জন্য হুমকি দিয়ে আসে। প্রকাশ করলে গুলি করে মেরে ফেলবে বলে গেছে।”
‘রাজনৈতিক ফায়দা নিতে অপপ্রচার’
তবে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতা আব্দুল ওয়াদুদ শুভর দাবি, একটি পক্ষকে রাজনৈতিকভাবে ফায়দা করে নিতে তার নাম ব্যবহার করা হচ্ছে।
তিনি বলেন, “মোহন ও মাছুকে নির্যাতন বা এই ঘটনার সঙ্গে আমি কোনোভাবে সম্পৃক্ত নই।”
পলক ও শাকিলকে চেনেন না বলেও দাবি করেন ছাত্রলীগ নেতা। “আপনারা ফোনে কথা না বলে সামনাসামনি এসে কথা বললে ভালো,” একথা বলেই ফোন কেটে দেন তিনি।
দুই যুবককে নির্যাতনের বিষয়টি শোনেননি জানিয়ে চারঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মামুন তুষার বলেন, “অভিযোগ সত্য হলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।”
চারঘাট মডেল থানার ওসি মাহবুবুল আলম বলেন, “মুক্তার, সাব্বির, লালনের বিরুদ্ধে মাদকের ৬ থেকে ৭টি মামলা রয়েছে। তাদের গ্রেপ্তারও করেছিলাম। এখন জামিনে রয়েছে। নির্যাতনের অভিযোগ পেলে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মুখপাত্র রফিকুল আলম বলেন, “এই ঘটনায় পুলিশ স্বপ্রণোদিত হয়ে একটি জিডি করেছে। নির্যাতনের শিকার ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদেরকে অভিযোগ করতে বলা হয়েছে। তবে তারা জানিয়েছেন এ বিষয়ে তারা অভিযোগ করতে রাজি নয়।”
