টাঙ্গাইলে সিঁধ কেটে ঘরে ঢুকে হত্যা ‘ইজিবাইক ছিনতাইয়ের জন্য’
জ্যেষ্ঠ বিচারিক হাকিম আসামির জবানবন্দি লিপিবদ্ধ করেন বলে আদালত পুলিশের পরিদর্শক জানান।
টাঙ্গাইলের ঘাটাইলে সিঁধ কেটে ঘরে ঢুকে ইজিবাইক চালককে হত্যা মামলায় গ্রেপ্তার প্রধান আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার দুপুরে তাকে টাঙ্গাইল আদালতে তোলা হলে আসামি দীর্ঘ জবানবন্দি দেন বলে আদালত পুলিশের পরিদর্শক তানভীর আহমদ জানান।
গ্রেপ্তার আনিসুর রহমান খানের (৩২) জবানবন্দি নেওয়া সন্ধ্যায় শেষ হয় জানিয়ে তানভীর বলেন, ইজিবাইক ছিনতাই করার জন্যই সিঁধ কেটে ঘরে ঢুকে আলম মিয়াকে (৪৫) কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় আসামি জবানবন্দি দিয়েছেন। কিন্তু প্রতিবেশীদের জেগে ওঠার শব্দ পেয়ে তারা ইজিবাইকটি ছিনতাই না করেই পালায়।
জ্যেষ্ঠ বিচারিক হাকিম বেগম ইসমত আরা জবানবন্দি লিপিবদ্ধ করেন জানিয়ে আদালত পুলিশের পরিদর্শক আরও জানান, পরে আনিসুরকে কারাগারে পাঠানো হয়।
গত বৃহস্পতিবার ঘাটাইল উপজেলার ছুনুটিয়া গ্রামের নিজ বসতঘর থেকে ইজিবাইক চালক আলম মিয়ার রক্তাক্ত লাশটি উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের বোন কামরুন্নাহার বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর) এসআই মনির হোসেন জানান, এই হত্যায় জড়িত থাকার অভিযোগে আনিসুর রহমানকে গত শুক্রবার গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এই হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং হত্যায় তার সহযোগীদের নাম প্রকাশ করেন। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী হত্যায় ব্যবহৃত শাবল ও দা জব্দ করা হয় বলে পুলিশ জানায়।
এ ছাড়া আনিসুরের দেওয়া তথ্যে মো. রায়হান (১৯), খায়রুল (১৯), আব্বাস (৪০), হুমায়ন (৪৯) ও মো. সজল (২৫) নামের আরও পাঁচ জনকে শনিবার গ্রেপ্তার করা হয়। এদের সবার বাড়ি ঘাটাইলের সুনটিয়া গ্রামে।
এসআই মনির হোসেন বলেন, আনিসুর জবানবন্দি দিতে সম্মত হলে তাকে শনিবার দুপুরে টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়।
গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার অপর পাঁচজনকে রোববার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।
আরও পড়ুন:
