০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

নড়াইলে গ্রিল কেটে ডাকাতি, স্বর্ণলংকার-নগদসহ কোটি টাকার লুটের দাবি

রুপক সেন বলেন, বিভিন্ন জেলায় থাকা পরিবারের সদস্যরা দুর্গাপূজা উপলক্ষে এ বাড়িতে একত্রিত হয়েছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Nov 2026, 10:59 AM

Updated : 01 Nov 2026, 10:59 AM

নড়াইলে জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি স্বর্ণালঙ্কার, নগদসহ কোটি টাকার মালামাল লুট করেছে ডাকাতরা।

রোববার ভোরে নড়াইল পৌরসভার ভাদুলীডাঙ্গায় এলাকায় ইঞ্জিনিয়ার মানিক কুমার বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ওসি রাসেল সরোয়ার।

পরিবার ও স্বজনদের বরাতে পুলিশ জানায়, রাতে ভাদুলীডাঙ্গা এলাকার মৃত সুধির কুমার বিশ্বাসের ছেলে মানিক কুমার বিশ্বাসের বাড়ির নিচ তলার জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে ৬-৭ জনের ডাকাত দল। তারা বাড়ির সবাইকে জিম্মি করে হাত-পা বেধে বাড়ি জুড়ে লুট-পাট চালায়।

মানিক কুমার বিশ্বাসের বড় ভাই ও বাড়ির মালিক সমর কুমার বিশ্বাস বলেন, “ভোরে ডাকাত দল গ্রিল কেটে ঘরে প্রবেশ করে আমাদের জিম্মি করে। পরে তারা ৩২ থেকে ৪০ ভরি স্বর্ণ, নগদ এক লাখ টাকা, ক্যামেরা, মূল্যবান জিনিসপত্রসহ কোটি টাকার মালামাল ডাকাতি করে নিয়ে গেছে।”

মানিক কুমার বিশ্বাসের মেয়ের জামাই রুপক সেন বলেন, বিভিন্ন জেলায় থাকা পরিবারের সদস্যরা দুর্গাপূজা উপলক্ষে এ বাড়িতে একত্রিত হয়েছিলেন। উৎসবে ব্যবহারের জন্য সবার সঙ্গেই সোনার গহণাসহ মূল্যবান জিনিসপত্র ছিল। বাড়ির সব রুম থেকে সেসব নিয়ে গেছে ডাকাতরা।

সদর থানার ওসি রাসেল সরোয়ার বলেন, সকালে সংবাদ পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ পেলে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করে বলা যাবে।

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।