২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার

রাতে ঘরে ঢোকা চোরদের চিনে ফেলায় এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2023, 11:41 AM

Updated : 13 Jul 2023, 11:41 AM

টাঙ্গাইলের ঘাটাইলে এক ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

গত বুধবার রাতে উপজেলার ছুনুটিয়া গ্রামে ওই চালকের নিজ বসতঘর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে ঘাটাইল থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন জানান।

৫০ বছর বয়সি নিহত মো. আলম মিয়া ওই গ্রামের প্রয়াত মোহাম্মদ হোসেন মাস্টারের ছেলে। তিনি পেশায় ইজিবাইক চালক ছিলেন।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, সকালে প্রতিবেশীরা আলম মিয়ার ঘরে সিঁধ কাটা দেখতে পায়। এ সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় প্রতিবেশীরা আলমকে ডাকাডাকি করেন। কোনো সাড়া-শব্দ না পেয়ে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে আলম মিয়ার গলাকাটা লাশ উদ্ধার করে।

রাতের কোনো এক সময় সিঁধ কেটে ঘরে প্রবেশ করা চোরদের চিনে ফেলায় এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ওসি মোহাম্মদ লোকমান হোসেন বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।