২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে সেতুর রেলিঙে ট্রাকের ধাক্কায় চালক নিহত, সহকারী আহত

চালকের সহকারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

ফেনীতে সেতুর রেলিঙে ট্রাকের ধাক্কায় চালক নিহত, সহকারী আহত

প্রতীকী ছবি

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2023, 03:58 PM

Updated : 12 Jun 2023, 03:58 PM

ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিঙের সঙ্গে ট্রাকের ধাক্কায় এর চালক নিহত হয়েছেন; আহত হয়েছেন তার সহকারী।

সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মধুপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মো. মোস্তফা কামাল জানান।

নিহত ট্রাকচালক অলি উদ্দিন (৩২) বগুড়া জেলার সদর উপজেলার নিসিন্দারা গ্রামের জিন্নত আলীর ছেলে। গুরুতর আহত চালকের সহকারীর নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে রড বোঝাই করে ট্রাকটি বগুড়ার দিকে যাচ্ছিল। পথে ফেনী সদর উপজেলা মধুপুর এলাকায় পৌঁছলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতুর রেলিঙের সঙ্গে ধাক্কা খায়। এতে যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় চালক ও তার সহকারী এর সামনের অংশে আটকা পড়েন। 

পুলিশ আরও জানায়, খবর পেয়ে ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের নিয়ে যায়। সেখানে চিকিৎসক ট্রাকচালক অলি উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত সহকারীকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মো. মোস্তফা কামাল আরও জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি মহাসড়কের ওই স্থান থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন:

পুরনো খবর:

সিলেটে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৩