২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় একদিনে শোকজের জবাব দিলেন পাঁচজন, দুজনকে তলব

শোকজের জবাব পাওয়ার পর কুষ্টিয়া-৩ ও কুষ্টিয়া-৪ আসনের প্রার্থী ও তাদের সমর্থকদের সতর্ক করেছেন অনুসন্ধান কমিটি।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2023, 12:49 AM

Updated : 22 Dec 2023, 12:49 AM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ কুষ্টিয়া-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীসহ তিনজন এবং কুষ্টিয়া-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থীসহ দুইজন নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে কারণ দর্শানো নোটিশের জবাব দিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তনু লিখিত বক্তব্যসহ নির্বাচন অনুসন্ধান কমিটি সভাপতি যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাযহারুল ইসলামের আদালতে হাজির হয়ে জবাব দিয়েছেন বলে আদালত পুলিশের পরিদর্শক মনিরুল ইসলাম জানান।

এ প্রার্থীর বিরুদ্ধে আনা পৌরসভার গাড়ি ব্যবহার ও পৌর কর্মচারীদের নির্বাচনি কাজে লাগানোর অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি।

এ ছাড়া এ আসনে নির্বাচনে বাধা ও প্রতিপক্ষের কর্মীদের মারধরের অভিযোগে একই সময় নৌকা প্রতীকের সমর্থক সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মিলন মণ্ডল ও ছাত্রলীগ সভাপতি শামীম রুমী শোকজের জবাব দিয়েছেন।

এদিকে একই দিনে কুষ্টিয়া-৪ আসনে নৌকা প্রার্থীর সমর্থক কুমারখালী পৌর মেয়র সামসুজ্জামান অরুন ও প্যানেল মেয়র হারুন অর রশীদ হারুন নির্বাচন অনুসন্ধান কমিটির সভাপতি জ্যেষ্ঠ সহকারী জজ এম এ আজহারুল ইসলামের আদালতে লিখিত বক্তব্য দিয়েছেন।

তাদের বিরুদ্ধে শিষ্টাচার বহির্ভূত উসকানিমূলক বক্তব্যসহ স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের হুমকি প্রদানের অভিযোগ আনা হয়েছিল।

আগামীতে আচরণবিধি মেনে চলার জন্য নির্বাচন অনুসন্ধান কমিটি তাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বলে জানান পৌর মেয়র সামসুজ্জামান।

আদালতের পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, শোকজ নোটিশের জবাব পাওয়ার পর নির্বাচন অনুসন্ধান কমিটি ওই দুই আসনে প্রার্থী ও তাদের সমর্থকদের সতর্কতার সঙ্গে নির্বাচনি প্রচার-প্রচারণায় অংশ নেওয়ার পরামর্শ দিয়েছেন।

দুজনকে শোকজ

কুষ্টিয়া-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার জন্য ইমামদের ডেকে নির্দেশ প্রদান এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থক দুই নারীর উপর হামলা, নির্যাতনের অভিযোগে দুইজনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।

শোকজপ্রাপ্তরা হলেন- ইসলামিক ফাউন্ডেশন কুষ্টিয়ার উপ-পরিচালক মো. হেলালুজ্জামান এবং সদর উপজেলার বিত্তিপাড়া বাজার এলাকার বাসিন্দা আবু বক্কর সিদ্দিক।

বৃহস্পতিবার বিকেলে নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ মাযহারুল ইসলাম স্বাক্ষরিত এ চিঠি পাঠানো হয়েছে।

তাদেরকে ২৪ ডিসেম্বর সশরীরে এজলাসে হাজির হয়ে অভিযোগের লিখিত বক্তব্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে আদালত পুলিশ পরিদর্শক মো. মনিরুল ইসলাম জানান।

ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. হেলালুজ্জামান বলেন, “রোববার আমি লিখিত বক্তব্য নিয়ে হাজির হব কমিটির সামনে।”

নোটিশপ্রাপ্ত আবু বক্কর সিদ্দিকের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়।