Published : 20 Nov 2025, 06:36 PM
রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলেকে হত্যা ও তার স্ত্রীকে হত্যাচেষ্টা মামলায় কারাগারে থাকা একমাত্র আসামিকে আবার পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর হাকিম আদালত-৫ এ আসামিকে হাজির করে সাত দিনের রিমান্ড চায় পুলিশ।
শুনানি শেষে বিচারক মো. আশিকুর রহমান পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান রাজশাহী নগর পুলিশের আদালত পরিদর্শক আব্দুর রফিক।
এর আগে ১৫ নভেম্বর আসামি লিমন মিয়াকে (৩৪) আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত ওই দিন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই রিমান্ডের মেয়াদ শেষ হলে বৃহস্পতিবার বেলা ৩টার দিকে তাকে আবার আদালতে তোলা হয়।
পরিদর্শক আব্দুর রফিক বলেন, লিমন মিয়ার পক্ষে আদালতে কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না। রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করেন কৌঁসুলি আলী আশরাফ মাসুম। পাঁচ মিনিটের সংক্ষিপ্ত শুনানি শেষে বিচারক নতুন করে রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম বলেন, “আলোচিত এ মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজপাড়া থানার ওসি হবিবুর রহমান। তিনি নিজেই লিমনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।”
এর আগে ১৩ নভেম্বর রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান সুমনকে (১৭) ছুরিকাঘাত করে হত্যা করে লিমন মিয়া। এ সময় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকেও ছুরি দিয়ে জখম করা হয়।
ঘটনার পরদিন ছেলে হত্যা ও স্ত্রী জখমের ঘটনায় বিচারক আব্দুর রহমান বাদী হয়ে লিমনকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন।
রাজশাহীতে বিচারকের ছেলের মৃত্যু 'অতিরিক্ত রক্তক্ষরণে', বলছেন চিকিৎসক
রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে খুন
বিচারকের ছেলে খুন: গ্রেপ্তার লিমন চাকরি হারানোর পর 'নেশাগ্রস্ত'