আরএমএআই ফ্লেম অ্যাওয়ার্ডের ৫ বিভাগে বিকাশের পুরস্কার
বিকাশের তিনটি ক্যাম্পেইন এসব পুরস্কার পেয়েছে।
এশিয়া অঞ্চলের মার্কেটিং ও কমিউনিকেশনস বিষয়ক পু্রস্কার ‘আরএমএআই ফ্লেম অ্যাওয়ার্ডস এশিয়া ২০২৬’ এর পাঁচ বিভাগে ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেয়েছে বিকাশ।
আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রাহকদের মাঝে ডিজিটাল লেনদেন বিষয়ে সচেতনতা বাড়াতে তিনটি ক্যাম্পেইনের জন্য এ পুরস্কার পেয়েছে মোবাইলে আর্থিক লেনদেন কোম্পানিটি।
মঙ্গলবার বিকাশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দিল্লিতে দেওয়া এ পুরস্কারে ‘বিকাশ অ্যাপ আপডেট ক্যাম্পেইন’ তিনটি ক্যাটাগরিতে সেরা হয়েছে। গ্রাহকের চাহিদা অনুযায়ী অ্যাপের আধুনিক ফিচারগুলো সফলভাবে তুলে ধরায় ক্যাম্পেইনটি ‘ব্র্যান্ড অ্যাক্টিভেশন অ্যান্ড এক্সপেরিয়েন্স’, ‘কমিউনিটি, কালচার অ্যান্ড সোশাল ইমপ্যাক্ট’ এবং ‘ইনফ্লুয়েন্সার, অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিটি লিডার অ্যাক্টিভেশন’ ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয়।
এছাড়া মাঠপর্যায়ে পরিবেশক বিক্রয় কর্মকর্তাদের (ডিএসও) ভূমিকা ও স্থানীয় সংযোগকে গুরুত্ব দিয়ে পরিচালিত ‘ঈদ ক্যাম্পেইন উইথ বিকাশ ডিএসও’ গোল্ড অ্যাওয়ার্ড জিতেছে ‘ইনফ্লুয়েন্সার, অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিটি লিডার অ্যাক্টিভেশন’ ক্যাটাগরির ‘বেস্ট ইউজ অফ কমিউনিটি লিডারস বা অপিনিয়ন লিডারস’ সাব ক্যাটাগরিতে।
আর সাধারণ মানুষকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করার মাধ্যমে প্রাতিষ্ঠানিক আর্থিক সেবায় যুক্ত করায় ‘বিকাশ সেভিংস ক্যাম্পেইন’ সম্মাননা পেয়েছে ‘মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন চ্যানেলস’ ক্যাটাগরিতে।
‘রুরাল মার্কেটিং অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া’ (আরএমএআই) প্রবর্তিত ‘ফ্লেম অ্যাওয়ার্ডস এশিয়া’ এ অঞ্চলের উদীয়মান বাজারে কার্যকর বাজার কৌশল, উদ্ভাবন, প্রযুক্তি, পরিচালনা, কমিউনিটি এনগেজমেন্ট ও সামাজিক প্রভাব ফেলা উদ্যোগগুলোকে ২০০৫ সাল থেকে স্বীকৃতি দিয়ে আসছে।
