ঝালকাঠিতে প্রেমিকাকে হত্যায় যুবকের প্রাণদণ্ড
২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি মোবাইল ফোনে মুক্তাকে বাড়ির পাশে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করেন সোহাগ।
ঝালকাঠির নলছিটিতে এক কলেজছাত্রীকে গলা কেটে হত্যায় এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আব্দুল মান্নান রসূল জানান।
দণ্ডিত ২৫ বছর বয়সী সোহাগ মীর পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামাইয়া ইউনিয়নের আনিপাড়া গ্রামের ছোবাহান মীরের ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের শ্রমিক ছিলেন।
নিহত ১৯ বছর বয়সী বেনজীর জাহান মুক্তা নলছিটি উপজেলার বাড়ইকরণ গ্রামের মো. জাহাঙ্গীর হাওলাদারে মেয়ে। তিনি ঝালকাঠি সরকারি মহিলা কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।
মামলার বরাতে পিপি মান্নান রসূল জানান, ফেইসবুকের মাধ্যমে বেনজীর জাহান মুক্তার সঙ্গে সোহাগ মীরের পরিচয় থেকে প্রেম হয়। কিছুদিন সম্পর্ক চলার পর তাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়।
২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি সোহাগ ঢাকা থেকে বাড়ইকরণ গ্রামে মুক্তার সঙ্গে দেখা করতে যান। পরে সোহাগ মোবাইল ফোনে মুক্তাকে বাড়ির পাশে রাস্তায় ডেকে নিয়ে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন।
পিপি আরও জানান, এ ঘটনার তিন দিন পর কলাপাড়া থেকে সোহাগকে গ্রেপ্তার করে পুলিশ। হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন সোহাগ।
২০২০ সালের ৫ মার্চ নলছিটি থানার পরিদর্শক আব্দুল হালিম তালুকদার সোহাগকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সোহাগকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানাও করা হয় বলে জানিয়েছেন পিপি মান্নান রসূল।
