২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে নিজ ঘরে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ

তুন্নার বড় ভাই মুন্না শহর থেকে বাড়ি এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখেন; পরে পেছনের কক্ষে তুন্নার ঝুলন্ত লাশ দেখেন।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2023, 10:41 PM

Updated : 26 Apr 2023, 10:41 PM

পিরোজপুরে নিজ বাসা থেকে এক ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

তার নাম অমিত মিথুন সিকদার ওরফে তুন্না সিকদার। তিনি পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

২২ বছর বয়সী তুন্না স্থানীয় মহিতাজ উদ্দিন শিকদারের ছেলে।

পিরোজপুর সদর থানার ওসি আবু জাফর মো. মাসুদুজ্জামান জানান, বুধবার দুপুরে পৌরসভার শিকারপুর (সাহেবপাড়া) এলাকার বাড়িতে ঝুলে থাকার সময় স্বজনরাই মরদেহটি নামিয়ে আনে। পরে তাদেরকে খবর দেওয়া হয়।

প্রতিবেশীরা জানান, দুপুরে তুন্নার বড় ভাই মুন্না সিকদার শহর থেকে বাড়ি এসে তাদের ঘরটি ভেতর থেকে বন্ধ দেখেতে পান। ডাকাডাকি করলে ভেতর থেকে ভাইয়ের সাড়া না পেয়ে পেছনের দিকে যান। তখন পেছনের কক্ষের জানলায় তাকে ঝুলন্ত অবস্থা দেখতে পান তিনি।

পরে মুন্নার চিৎকারে ছুটে আসেন বাড়ির অন্যরা, দৌড়ে আসেন প্রতিবেশীরাও। তারা দরজা ভেঙে তুন্নাকে নামিয়ে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক রমজান আলী বলেন, “তুন্না সিকদারকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।”

পিরোজপুর সদর থানার ওসি বলেন, খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।