হবিগঞ্জে নিখোঁজ যুবকের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার
পুলিশের ধারণা, তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়।
হবিগঞ্জ সদর উপজেলায় একদিন আগে নিখোঁজ এক যুবকের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে শিয়ালদাড়িয়া গ্রামে মরদেহটি পাওয়া যায় বলে জানান হবিগঞ্জ সদর মডেল থানা ওসি গোলাম মর্তুজা।
নিহত মাহবুব মিয়া (২৫) ওই গ্রামের গ্রামের আতর আলীর ছেলে।
স্বজনদের বরাত দিয়ে ওসি বলেন, সোমবার রাতে থেকে মাহবুব নিখোঁজ ছিলেন। মঙ্গলবার দুপুরে গ্রামের পাশে একটি নদীর পাড়ে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে যায় হামলাকারীরা। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে; তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
