২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে স্কুলছাত্র হত্যার বিচার দাবিতে সড়কে সহপাঠীরা

নিবিড় হত্যা মামলার সব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।

শরীয়তপুরে স্কুলছাত্র হত্যার বিচার দাবিতে সড়কে সহপাঠীরা

শরীয়তপুরে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে এক শিশুকে হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে সহপাঠী ও স্বজনদের মানববন্ধন।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2023, 04:12 PM

Updated : 02 Aug 2023, 07:02 PM

শরীয়তপুর সদরে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে এক স্কুলছাত্রকে হত্যায় জড়িতদের বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সহপাঠী ও স্বজনরা।

বুধবার সকালে শরীয়তপুর শিশু কানন কিন্ডারগার্টেন স্কুলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নিহত হৃদয় খান নিবিড় (১১) সদর উপজেলার খিলগাঁও গ্রামের মালয়েশিয়া প্রবাসী মনির হোসেন খানের ছেলে। সে ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

মানববন্ধনে শিশু কানন স্কুলের প্রধান শিক্ষক বাদল কৃষ্ণ পাল, নিবিড়ের মা নিপা আকতার, দাদা মমিন খান, অলি উল্লাহ খান, আজগর খান, জলিল খান, খলিল খান, শিক্ষার্থী ফাতেমা তুজ জহুরা, সোহানা ইসলাম নাদিয়া, সামিনা ইসলাম ও শাহাদাৎ হোসেনসহ শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এসময় নিবিড় হত্যায় জড়িতদের ফাঁসি দাবি করে স্লোগান দেয় সহপাঠীরা। মানববন্ধন শেষে শরীয়তপুর পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

এদিকে হত্যা মামলায় গ্রেপ্তার সিয়াম মঙ্গলবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মেজবা উদ্দিনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। নিবিড়দের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন সিয়াম।

মামলার তদন্তকারী কর্মকর্তা শরিফুজ্জামান জানান, হত্যা মামলায় গ্রেপ্তার সাকিল ও শাওন চৌকিদারকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

পালং মডেল থানার ওসি আক্তার হোসেন বলেন, নিবিড় হত্যা মামলার সব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে সোমবার বিকালে বাড়ির পাশের রাস্তা থেকে নিবিড়কে অপহরণ করেন অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা। এরপর নিবিড়ের মাকে ফোন করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। দাবি করা টাকা না পেয়ে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে মাটি চাপা দেন তারা।

মঙ্গলবার ভোরে একটি ইটভাটার পাশে নদীতীর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ওসি আকতার।

আরও পড়ুন:

পুরনো খবর:

শরীয়তপুরে অপহরণের পর স্কুলছাত্রকে হত্যা