২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে গরু আনতে গিয়ে বাঘের আক্রমণে আহত কৃষক

শনিবার তার ডান পায়ের ক্ষতস্থানে অস্ত্রোপচার করা হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2023, 04:37 PM

Updated : 11 Feb 2023, 04:47 PM

বাগেরহাটের সুন্দরবনে ঢুকে পড়া নিজের গৃহপালিত গরু আনতে গিয়ে বাঘের আক্রমণে এক কৃষক আহত হয়েছেন।

আহত ৬২ বছর বয়সী মো. ফজলু গাজীকে শুক্রবার সকালে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে মঙ্গলবার দুপুরে বাঘের আক্রমণের শিকার হন তিনি।

শনিবার তার ডান পায়ের ক্ষতস্থানে অস্ত্রোপচার করা হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ফজলু গাজীর বাড়ি সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের শরণখোলার উপজেলার উত্তর রাজাপুর গ্রামে। তার পরিবারের সদস্যদের ভাষ্য, বনে প্রবেশের অনুমতি ছিলো না। তাই ‘ভয়ে’ দুদিন কাউকে কিছু জানায়নি তারা।

ফজলুর স্ত্রী ফিরোজা বেগম বলেন, তাদের বাড়ি সুন্দরবনের একদম কাছেই। একটা বেড়িবাঁধ, তারপর ছোট নদীর অপর পাশে বন।

মঙ্গলবার সকালে তাদের একটি গরু ছাড়া পেয়ে শুকিয়ে যাওয়া ভোলা নদী পেরিয়ে সুন্দরবনে ঢুকে পড়ে।

বেলা ১১টার দিকে গরু আনতে নদীর ওপারে সুন্দরবনের ভেতরে গিয়ে বাঘের আক্রমণের শিকার হন তার স্বামী।

হাসপাতালে চিকিৎসাধীন ফজলু গাজী বলেন, “বনে এট্টু যাইতে গরুডা পাই। তহনই খেয়াল করি কী যেন একটা পিছনে দূর দে দোড়োয়ে আসতিছে। হেই দেহে আমি ছিক্কর (ডাক-চিৎকার) পাড়ি। সামনের খালে তহন দুটে নৌকায় দশ-বারো জন ছেলো। তারা সবাই তখন দোড়োয়ে আসে।

“এর মধ্যি বাঘে আমার এট্টা পা কামড়ায়ে ধরে। বোটের লোকজনের দোড়ানিতি পরে বাঘে আমারে ছাইড়ে যায়।”

তার ছেলে মো. ফিরোজ গাজী বলেন, “আমরা গরিব মানুষ। আমি ঢাকায় ফেরি করে সবজি বেচি। এই খবর শুনে আমি ঢাকাতে আইছি। এট্টা গরু আমাগো সম্বল। বনে গেলি তাড়াতাড়ি গরুটা আনতে আমার বাপ গেছিল। কোন পাশ (বনে প্রবেশের অনুমতি) করা হয়নি। তাই ভয়ে আমরা কাউকে কিছু বলিনি।

“তাছাড়া টাকার জোগান না থাকায় স্থানীয় গ্রাম্য চিকিৎসক দিয়ে বাড়িতে রাইখে ট্রিটমেন্ট করাচ্ছিলাম। বৃহস্পতিবার এক ডাক্তার দেখালে তিনি আমাদের এখানে ভর্তি হতে বলেন।”

বাগেরহাট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার বলেন, বাঘের কামড়ে আহত ফজলু গাজী আমার চেম্বার এসেছিলেন। তার ডান পায়ের ক্ষত অনেক বেশি। সেখানে গভীর গর্ত হয়ে গেছে।

“পরিবারটি অনেক দরিদ্র, চিকিৎসার ব্যয় মেটানোও তাদের জন্য কঠিন। আমরা তাকে ভর্তি করে হাসপাতাল থেকে সব ধরনের সেবা দিচ্ছি। শনিবার তার ডান পায়ের ক্ষতস্থানে অস্ত্রোপচার করা হয়েছে।”

এ বিষয়ে জানতে চাইলে সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই ও শরনখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শামসুল আরেফীন বলেন, তারা ঘটনাটি জানেন না। হয়তো অবৈধভাবে বনে প্রবেশ করায় তাদের কিছু জানানো হয়নি।