২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

লালমনিরহাটের সীমান্ত এলাকায় অজ্ঞাত বন্যপ্রাণীর আক্রমণে তিনজন আহত

আমঝোল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Oct 2026, 09:23 PM

Updated : 25 Oct 2026, 09:23 PM

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অজ্ঞাত বন্যপ্রাণীর আক্রমণে নারীসহ তিনজন আহত হয়েছেন। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার সন্ধ্যায় উপজেলার আমঝোল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা জানান।

আহতরা হলেন- আমঝোল গ্রামের শহিদার রহমানের স্ত্রী শরিফা বেগম (৩০), একই এলাকার মৃত মনির হোসেনের ছেলে আফসার হোসেন (৪০) ও নজরুল ইসলাম।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সন্ধ্যায় শরিফা বেগম বাড়ির পাশের ধান ক্ষেতে নিজের ছাগল খুঁজতে যান। এ সময় হঠাৎ একটি বন্যপ্রাণী তাকে আক্রমণ করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে প্রাণীটি আফসার হোসেন ও নজরুল ইসলামকেও আক্রমণ করে জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মামুন রহমান বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা বলেন, ছোটখাট বাঘ-সদৃশ বন্যপ্রাণীর থাবায় তিনজন আহত হওয়ার খবর পেয়ে জেলা প্রশাসনকে জানানো হয়েছে। পরিদর্শনের জন্য উপজেলা প্রশাসন ও বনবিভাগের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।