মনোনয়ন ফরম বিক্রির আগেই গাজীপুরে মেয়র পদে প্রচারে মামুন মণ্ডল
আগামী ২৫ মে ভোট ধরে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে গত ৩ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৮ মে। এরপর প্রতীক বরাদ্দ হলে প্রচারে নামতে পারবেন প্রার্থীরা।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর পরই নিজেকে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছেন ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মণ্ডল। তিনি এরই মধ্যে তার নির্বাচনী অঙ্গীকার বা তফসিল ঘোষণা করে দিয়েছেন। আনুষ্ঠানিক প্রচারে নামার অনুমতি না থাকলেও তিনি ভোট চেয়ে জনসংযোগও শুরু করে দিয়েছেন।
মামুন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ভোটে লড়তে আগ্রহী। তিনি এমনও দাবি করেছেন, দলের মনোনয়ন তিনি পাবেন।
এই নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী ক্ষমতাসীন দলের বেশ কজন পরিচিত মুখ। তারা মামুন মণ্ডলের এমন কর্মকাণ্ডের সমালোচনা করেছেন।
আগামী ২৫ মে ভোট ধরে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে গত ৩ এপ্রিল। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ এপ্রিল। তিন দিন পর তা যাচাই-বাছাই করা হবে এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৮ মে। এরপর প্রতীক বরাদ্দ হলে প্রচারে নামতে পারবেন প্রার্থীরা।
তবে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সাবেক সদস্য মামুন মণ্ডল এতদিন অপেক্ষা করতে রাজি নন। তফসিল ঘোষণার পরদিনই তিনি জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করে দেন। এ সময় ভোটারদের কাছে তিনি ১৯ দফা নির্বাচনী ইশতেহারও বিতরণ করেন।
সাংবাদিকদের মামুন বলেন, জনকল্যাণমূলক কাজে ২০১৯ সালে এবং শ্রেষ্ঠ কাউন্সিলর হিসেবে ২০২০ ও ২০২২ সালে তিনি স্বর্ণপদক পান। এলাকাবাসীর জন্য বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ ও সহযোগিতা করার কারণে এবার মেয়র পদে মনোনয়ন পাবেন।
তিনি বলেন, “আমি বিশ্বাস করি, এবারের গাজীপুর সিটি নির্বাচনে আমাকে নৌকা প্রতীক দিয়ে মেয়র হিসেবে নির্বাচন করার সুযোগ দেবেন মাননীয় প্রধানমন্ত্রী।”
দুই দিন পর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে শুরু করে বিকেল ৩টা পর্যন্ত টঙ্গী বাজার, চেরাগ আলী, মিলগেইট, মরকুন, মাজুখান, জাজর, মাজুখান, ধীরাশ্রম গাছা এলাকায় মোটর শোভাযাত্রা করেন মামুন। তিনি সামনে একটি গাড়িতে ছিলেন। পেছনে ছিল অসংখ্য মোটর সাইকেল। নির্বাচনী আইন অনুযায়ী, প্রচারের কোনো পর্যায়েই মোটর শোভাযাত্রার সুযোগ নেই।
গাজীপুরে নির্বাচন কর্মকর্তা এ এইচ এন কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আনুষ্ঠানিক প্রচার শুরুর আগে কোনো কোনো সম্ভাব্য প্রার্থীর পক্ষে এ ধরনের মোটর শোভাযাত্রা সম্পূর্ণ নিষিদ্ধ।”
দৃষ্টি আকর্ষণ করলে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতীক বরাদ্দ ও প্রচার শুরুর আগে কোনো ধরনের প্রচারমূলক পোস্টার, ব্যানার ফেস্টুনসহ কোনো কার্যক্রম করা যাবে না। শনিবার নির্বাচনী এলাকায় আগাম প্রচারমূলক সব সামগ্রী ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দেওয়া হবে। এদিন তদারক দল মাঠে নামবে, আগাম প্রচার বন্ধ করতে মাইকিংও করা হবে।”
এরই মধ্যে যারা আগাম প্রচার শুরু করে দিয়েছেন, তাদের ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে- এই প্রশ্নে ফরিদুল বলেন, “আনুষ্ঠানিক অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”
তবে মামুন দাবি করেছেন, তিনি আইনবিরোধী কিছু করেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মনোনয়ন ফরম বিক্রির আগে তারা (নির্বাচন কমিশন) তো আমাদের নির্দেশনা দিতে পারে না। মনোনয়ন ফরম যেদিন বিক্রি করবে তারা, ওই ফরমের সঙ্গে আমাদের আচরণবিধি দিয়া দিব। এখন আচরণবিধি দেয় নাই কোথাও। গণবিজ্ঞপ্তিও জারি করে নাই।”
আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী অন্য যারা
মামুন নৌকা প্রতীক পাবেন আশা করে প্রচারে নেমে গেলেও ক্ষমতাসীন দলে অন্য মনোনয়নপ্রত্যাশীরা এখনও সে রকম কিছু করছেন না।
আবার মনোনয়ন চান ঘরোয়া আলোচনায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে কটূক্তির অভিযোগে বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলম। তাকে দল বরখাস্ত করলেও সম্প্রতি ক্ষমা করে দিয়েছে।
নির্বাচনে আগ্রহী ২০১৩ সালে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল এবং মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামও।
