মেহেরপুরে ১৮ লাখ টাকাসহ ‘চোরাকারবারি’ আটক
আটক ব্যক্তি হুন্ডি ব্যবসায়ের সঙ্গে জড়িত এবং হুন্ডির মাধ্যমে ভারতে টাকা ভারতে পাচার করছিলেন বলে সন্দেহ বিজিবির।
মেহেরপুর সদরের ঝাঁঝাঁ সীমান্তে ১৮ লাখ টাকাসহ এক ব্যক্তি ধরা পড়েছেন, যাকে চোরাকারবারি বলছে বিজিবি।
মঙ্গলবার দুপুরে এই অভিযান চালানো হয় বলে বিজিবির ঝাঁঝাঁ বিওপির কমান্ডার নায়েব সুবেদার কাজী আজাদ জানান।
আটক আনুমানিক ৫০ বছর বয়সী ইমাত উল্লাহ মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের বাসিন্দা।
কাজী আজাদ জানান, গোপন সংবাদ পেয়ে সদর উপজেলার ঝাঁঝাঁ সীমান্তের ১২২ নম্বর মেইন পিলারের কাছ থেকে তাকে আটক করে। তার কাছে থাকা একটি প্লাস্টিকের বস্তা জব্দ করে তল্লাশি চালিয়ে ১৮ লাখ বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়।
“ওই ব্যক্তি হুন্ডি ব্যবসায়ের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। হুন্ডির মাধ্যমে টাকা ভারতে পাচার হচ্ছিল।”
এই ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় টাকা চোরাকারবারের অভিযোগে মামলা দায়ের করা হবে বলে আজাদ জানান।
কিছুদিন আগে এই সীমান্তে ভারতীয় রুপি ও ইউএস ডলারসহ একজনকে আটক করা হয় বলেও তিনি জানান।
