তিন ঘণ্টা পুড়িয়ে থামল গাজীপুরে পাইকারি মার্কেটের আগুন
ব্যবসায়ীদের দাবি, আগুনে মার্কেটের ২ শতাধিক দোকান ও মালামাল পুড়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা বাজারের হাজী আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
রোববার রাত সোয়া ৯টার দিকে লাগা এ আগুন রাত সাড়ে ১২টার দিকে নিয়ন্ত্রণে আসে বলে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন জানান।
আগুনে মার্কেটের দুই শতাধিক দোকান ও মালামাল পুড়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।
আব্দুল্লাহ আল আরেফিন বলেন, নগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় এলাকার হাজী আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে জয়দেবপুর ফায়ার সার্ভিসের চারটি ও পরে টঙ্গী থেকে আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
মার্কেটের রাস্তা খুব সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ এবং আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শেষ করতে বেশ বেগ পেতে হয়েছে বলে জানান তিনি।
মার্কেটের পাইকারি ব্যবসায়ী প্রতিষ্ঠান রংধনু ফ্যাশনের ম্যানেজার রমজান আলী বলেন, “রাত সোয়া ৯টার দিকে মার্কেটে আগুন দেকতে পেয়ে লোকজন ছোটাছুটি শুরু করে। আগুন মুহুর্তেই আমার দোকানেও ধরে যায়। এ সময় দোকানে থাকা শীতের কাপড়, শাড়ি, লুঙ্গি, থিপিসসহ কোন কিছুই বের করে আনতে পারিনি।
“দোকানে ৩০ লাখ টাকার মালামাল মজুদ করা ছিল। চোখের সামনে লাখ লাখ টাকার মালামার পুড়ে গেল, দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিলো না।”
পাইকারি দোকান আজিজ হাউজের মালিক আব্দুল আজিজ জানান, তার দোকানে মজুদ করে রাখা ৬০ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে। আগুন যখন লাগে তখন দোকানে থেকে কোনো মালামাল বের করতে পারেননি।
তার মত এখানে দোকানের মালামাল কেউ বের করতে পারেনি। কোটি কোটি টাকার মত মালামাল পুড়ে গেছে।
হাজী আব্দুর রহিম মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আব্দুল মতিন বলেন, এ মার্কেটে ছোট বড় মিলে ৫’শ থেকে ৬’শ ব্যবসায়ী ব্যবসা পরিচালনা করতো। শীতের বিভিন্ন ধরনের কাপড়সহ শাড়ি, লুঙ্গী, থ্রিপিস, ওড়না ও কম্বলসহ সব দোকানেই মালামালে পরিপূর্ণ ছিল। সারাদিন টুকটাক কাস্টমার থাকলেও সন্ধ্যার পর মার্কেটে প্রচুর ভিড় হয়।
“রোববার রাত ৯টার কিছু সময় পর হঠাৎই মার্কেটের পূর্ব-দক্ষিণ পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং আশপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে।”
মার্কেটের পাইকারি ব্যবসায়ী প্রতিষ্ঠান জোবেদা কটেজের ম্যানেজার আব্দুল আজিজ বলেন, আগুন লাগার পর স্থানীয়রা ফায়ার সার্ভিসের খবর দেয়। দোকানে তার ২০ লাখ টাকার শাড়ি ও লুঙ্গি ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তিনি দোকান থেকে মালপত্র বের করে আনতে পারেননি।
পাইকারি দোকান আল হাফিজ লুঙ্গি হাউসের মালিক হাফিজুর রহমান জানান, তার দোকানে প্রায় ৬০ লাখ টাকার মত লুঙ্গি ছিলো। আগুন যখন লাগে, তখন দোকান থেকে কোনো মালামাল বের করতে পারেনি।
তাদের মত এখানে অনেক দোকানদার মালামাল বের করতে পারেনি; এতে কোটি কোটি টাকার মত মালামাল পুড়ে গেছে।
ক্ষয়ক্ষতি প্রসঙ্গে ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল্লাহ আল আরেফিন বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানা যাবে।
মালামাল ও টাকা লুটপাট
এদিকে আগুন লাগার পর মার্কেটে লুটপাটের ঘটনা ঘটেছে বলে কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেছেন।
এস টিএল গার্মেন্ট নামের তৈরি পোশাকের দোকানের মালিক মুক্তার হোসেন বলেন, আগুন লাগার পর অনেক দোকানের মালিক ও লোকজন কাপড় উদ্ধার করে বাইরে রাখে; সেখান থেকে মালপত্র লুটপাট হয়েছে। এছাড়া দোকানে থাকা ক্যাশের টাকাও এক শ্রেণীর লোকেরা লুটপাট করে নিয়ে গেছে।
গার্মেন্টসের মালিক জয়নাল কাজী বলেন, তার দোকানে ৮০/৮৫ লাখ টাকার মালামাল ছিল এবং ক্যাশে ছিল নগদ তিন লাখ ২ হাজার ৮০০ টাকা। সোমবার সকালে দোকানে গিয়ে দেখেন তার ক্যাশে থাকা নগদ তিন লাখ টাকা নেই।
