৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে স্ত্রী-সন্তানের গলায় দা ধরে প্রবাসীর বাড়িতে ডাকাতি

ডাকাতেরা টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্রসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবি ভুক্তভোগীদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 30 Sep 2026, 03:33 PM

Updated : 30 Sep 2026, 03:33 PM

গাজীপুরের শ্রীপুর উপজেলায় স্ত্রী-সন্তানের গলায় দা ধরে এক কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

ডাকাতেরা নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্রসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবি ভুক্তভোগীদের। এ ছাড়া ডাকাতদের অস্ত্রের আঘাতে একজন আহত হয়েছেন।

বুধবার ভোররাতে উপজেলার কাওরাইদ ইউনিয়নের কাওরাইদ গ্রামের ফকির পাড়া এলাকায় প্রবাসী আমিনুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম।

আমিনুল ইসলাম ওই গ্রামের সানাউল্লাহ মীরধার ছেলে। তিনি আট বছরেরও বেশি সময় ধরে কুয়েতে আছেন। তার বাড়িতে স্ত্রী ফাতেমা আক্তার, চার বছরের মেয়ে মারিয়া আক্তার এবং শাশুড়ি পারভীন আক্তার বসবাস করেন।

পারভীন আক্তার বলেন, “রাত ৩টার দিকে সাত থেকে আটজনের একদল ডাকাত বাড়ির সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা বারান্দার গ্রিলের তালা ভেঙে ডাইনিং রুম দিয়ে শোবার ঘরে প্রবেশ করে।

“শব্দ পেয়ে ঘুম ভাঙলে দেখি, কালো কাপড় দিয়ে মুখোশ পরা পাঁচজন নাতি এবং আমার মেয়ের গলায় দা ধরে জিম্ম করেছে। তারা আমার মেয়েকে ওয়ারড্রপ ও কেবিনেটের চাবি দিতে বলছে। ভয়ে ফাতেমা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে চাইলে ডাকাতেরা নাতিকে হত্যা করার হুমকি দেয়।

“এ সময় ডাকাতরা দা দিয়ে আমার ডান পায়ের আঙুলে এবং হাতের বাহুতে আঘাত করে। পরে চাবি দিলে ডাকাতেরা ৪২ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার, মেয়ের বিয়ের শাড়ি ও জামাসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।”

তিনি বলেন, ডাকাতেরা ঘরে প্রায় ঘণ্টাখানেক অবস্থান করেছিল। যাওয়ার সময় তারা আশেপাশেই আছে বলে বের হয়। চিৎকার করলে ফেরে এসে শিশুকে হত্যার হুমকি দেয়।

ওসি শাহিনুর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ফেরার পর বলা যাবে এটা চুরি না ডাকাতি।