যশোরে খাটের ওপর পড়েছিল বৃদ্ধার গলাকাটা লাশ, মালামাল লুট
রাতে চুরি করতে ঘরে প্রবেশ করা ব্যক্তিদের চিনে ফেলায় ৭৫ বছরের আছিয়াকে হত্যা করা হয় বলে ধারণা স্বজনদের।
যশোরের অভয়নগর উপজেলায় নিজ ঘর থেকে এক বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া ঘর থেকে জমির দলিল, স্বর্ণালংকার ও টাকা লুট করা হয় বলে অভিযোগ স্বজনদের।
মঙ্গলবার সকালে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন অভয়নগর থানার ওসি মো. নুরুজ্জামান।
নিহত আছিয়া বেগম (৭৫) ওই গ্রামের প্রয়াত আবু দাউদ শেখের স্ত্রী।
স্থানীয়দের ধারণা, রাতে চুরি বা লুট করতে ঘরে প্রবেশ করা ব্যক্তিদের চিনে ফেলায় বৃদ্ধাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
আছিয়ার মেয়ে পান্না বেগম বলেন, বাবার মৃত্যুর পর থেকে তার মা ও খালা ওই বাড়িতে বসবাস করতেন। সোমবার তার খালা নিজের মেয়ের বাড়িতে বেড়াতে যান। রাতে বাড়িতে একাই ছিলেন তার মা।
তিনি বলেন, সকালে প্রতিবেশীরা তার মাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের ভেতরে উকি দেন। এ সময় তারা খাটের ওপর আছিয়ার গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে বাড়িতে এসে মায়ের মৃতদেহ খাটের ওপর পান পান্না বেগম। তিনি বলেন, “ঘরের মালামাল এলোমেলো ছিল। জমির দলিল, স্বর্ণালংকার ও নগদ টাকা খুঁজে পাওয়া যাচ্ছে না। দুর্বৃত্তরা মাকে হত্যার পর মালামাল নিয়ে গেছে।”
ওসি নুরুজ্জামান বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অপরাধের সম্ভাব্য আলামত সংগ্রহ করা হচ্ছে।
তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত জানানো সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি।
