আওয়ামী লীগই ইসলাম সম্প্রসারণে সর্বোচ্চ কাজ করে যাচ্ছে: খোকন সেরনিয়াবাত
একটি পক্ষ ইসলামের সঙ্গে আওয়ামী লীগের বিভক্তি তৈরি করতে চায় বলেও অভিযোগ করেন নৌকার প্রার্থী।
ধর্মে প্রবেশ করা অপশক্তির ব্যাপারে সতর্ক থাকতে আলেমদের প্রতি আহ্বান জানিয়েছেন বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।
বুধবার বেলা ১১টার দিকে নগরীর ব্রজমোহন স্কুলের হল রুমে জেলা ও মহানগরের ইমাম, মুয়াজ্জিন এবং আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।
খোকন সেরনিয়াবাত বলেন, “যেসব দল ধর্মের কথা বলে তারা আসলে ইসলামের জন্য কী করেছে? বরং আওয়ামী লীগই ইসলাম সম্প্রসারণের জন্য সর্বোচ্চ কাজ করে যাচ্ছে।
“মুসলমানদের মধ্যে অনেক অপশক্তি প্রবেশ করেছে। আলেমদের এই অপশক্তির ব্যাপারে সতর্ক থাকতে হবে।”
একটি পক্ষ ইসলামের সঙ্গে আওয়ামী লীগের বিভক্তি তৈরি করতে চায় অভিযোগ করে তিনি বলেন, “আওয়ামী লীগের নামে নানা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। অথচ আওয়ামী লীগই ইসলামের ধারক ও বাহক ইমাম-মুয়াজ্জিন, আলেম-ওলামাদের জন্য সর্বোচ্চ কাজ করছে।”
এ সময় আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন খোকন সেরনিয়াবাত।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬৪ জেলায় ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ করেছেন, যেখানে ইসলামের চর্চা হবে। শুরু করেছেন মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম।”
নির্বাচিত হলে নগরীর ইমাম, মুয়াজ্জিনদের বেতন বাড়ানোর চেষ্টা করবেন জানিয়ে এই প্রার্থী বলেন “আমি সেবা করতে এসেছি। আসন্ন নির্বাচনে বিজয়ী করে আমাকে সেই সেবা করার সুযোগ দিন।”
সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- নৌকার নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য কে বি এস আহমেদ কবির, আনিচ উদ্দিন সহিদ, মহানগর যুবলীগের সদস্য মাহামুদুল হক খান মামুন, মানবাধিকার কর্মী মাহাবুব মোর্শেদ শামিম, সমাজকর্মী কাজী এনায়েত হোসেন শিপলু, পোর্ট রোড জামে মসজিদের খতিব মাওলানা সাইদুর রহমান কাশেমী, অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম, ডিসি ঘাট জামে মসজিদের ইমাম মাওলানা সাইদুর রহমান, বরফকল জামে মসজিদের খতিব মাওলানা জামাল উদ্দিন ফারুকী, কালুশাহ সড়ক জামে মসজিদের খতিব ও ইমাম সমিতির সহসভাপতি মাওলানা মনিরুজ্জামান নুরানী এবং বিএম স্কুলের প্রধান শিক্ষক মো. মোমিন হাওলাদারসহ ইমাম সমিতির নেতারা।
আরো পড়ুন:
