১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

‘এমভিপি’র সংক্ষিপ্ত তালিকায় মেসির সঙ্গী সলিভান

পুরস্কার জয়ের জন‍্য ফেভারিট মহাতারকা লিওনেল মেসি, চমক দেখিয়ে পাঁচ জনের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ক‍্যাভিন সলিভান।

‘এমভিপি’র সংক্ষিপ্ত তালিকায় মেসির সঙ্গী সলিভান

ক্যাভিন সলিভানের আরেকটি কীর্তি। ছবি: রয়টার্স। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Nov 2026, 04:21 PM

Updated : 13 Nov 2026, 04:21 PM

চলমান মৌসুমের জন‍্য ‘এমভিপি’র পাঁচ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে মেজর লিগ সকার। অনুমিতভাবেই সেখানে আছেন ইন্টার মায়ামি অধিনায়ক লিওনেল মেসি। চমক দেখিয়ে জায়গা করে নিয়েছেন ১৭ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত ক‍্যাভিন সলিভান।

এমএলএস বৃহস্পতিবার আটটি ক‍্যাটাগরিতে পুরষ্কারের জন‍্য সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে।

গত দুই মৌসুমে এমভিপি ট্রফি জেতা মেসি এবারও জয়ের জন‍্য ফেভারিট। ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো ১৭ বছর বয়সী সলিভান জায়গা পেয়েছেন প্রথমবার।

নিয়মিত মৌসুমে আসরের সর্বোচ্চ ২৬ গোল করেছেন মেসি। সঙ্গে আছে দ্বিতীয় সর্বোচ্চ ১৭ অ‍্যাসিস্ট। সংক্ষিপ্ত তালিকায় থাকা অন‍্য তিনজন হলেন এফসি সিনসিনাটির এভান্দের, হিউস্টন ডায়নামোর গিয়ের্মে ও ন‍্যাশভিল এসসির হানি মুখতার।

‘নিউকামার অব দা ইয়ার’ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকাতেও আছেন গিয়ের্মে। সেখানে তার সঙ্গী অরল‍্যান্ডো সিটির অতোয়াঁন গ্রিজমান ও স্পোর্টিং কানসান সিটির আন্দ্রে লুইস।

আসরে ২১ ম‍্যাচে শুরুর একাদশে ছিলেন সলিভান। ২৯ ম‍্যাচে নয় গোল করেছেন তিনি, সঙ্গে অ‍্যাসিস্ট ১৪টি। তিনি বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন। সেখানে আরও আছেন নিউ ইয়র্ক বুলসের জুলিয়ান হল ও আদ্রি মেহমেতি।

আসন্ন প্লে-অফ চলার সময়ে আট ক‍্যাটাগরিতে জয়ীদের নাম ঘোষণা করবে এমএলএস। পরবর্তীতে এমএলএস সেরা একাদশও প্রকাশ করবে তারা। ভোটের মাধ‍্যমে নির্বাচিত হবে বর্ষসেরা গোল ও বর্ষসেরা সেভ।