কিশোরগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড
২০১৩ সালে কটিয়াদীর মধ্য ভাট্রা গ্রামে কৃষক রফিকুল ইসলাম খুন হন।
কিশোরগঞ্জের কটিয়াদির সাড়ে নয় বছর আগের একটি হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
আদালতের এপিপি যজ্ঞেশ্বর রায় চৌধুরী জানান, ২০১৩ সালের ২৯ অগাস্ট কটিয়াদী উপজেলার মধ্য ভাট্রা গ্রামে কৃষক রফিকুল ইসলাম খুন হন।
মৃত্যুদণ্ডে দণ্ডিতরা হলেন ফোরকান ভুঁইয়া (৪৯), এ্যাংগু ভুঁইয়া (৫৯) ও তার ছোট ভাই শাহেদ ভুঁইয়া (৩৯)।
আরেক আসামি মোস্তফার (৪১) যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড হয় যা অনাদায়ে তাকে আরও দুই মাস কারাভোগ করতে হবে।
এপিপি যজ্ঞেশ্বর রায় জানান, বিচার চলাকালে জমশেদ ভুঁইয়া নামে এক আসামি মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় এবং আরেক আসামি অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তার মামলা শিশু আদালতে বিচারাধীন আছে।
মামলার নথি থেকে জানা যায়, গত ২০১৩ সালের ২৯ অগাস্ট রাতে জেলার কটিয়াদী উপজেলার মধ্য ভাট্রা গ্রামে ছয় আসামি একই গ্রামের ইনু ভুঁইয়ার ছেলে রফিকুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ঢাকায় একটি হাসাপাতালে পাঠানো হয়। চারদিন পর ২ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় তিনি মারা যান।
এপিপি যজ্ঞেশ্বর জানান, এ ঘটনায় নিহতের চাচাত ভাই আনার ভুঁইয়া হত্যাচেষ্টা, হামলা ও আহত করার অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে রফিকুল ইসলাম মারা গেলে এটি হত্যা মামলায় পরিণত হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা কটিয়াদী মডেল থানার এসআই রাখাল দেবনাথ ২০১৪ সালের ৮ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এপিপি যজ্ঞেশ্বর রায় চৌধুরী রাষ্ট্রপক্ষে এবং আজিজুল হক মিন্টু আসামির পক্ষে মামলা পরিচালনা করেছেন।
