হেরোইন উদ্ধারের মামলায় একজনের যাবজ্জীবন
সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে পাঠানো হয়।
পাঁচ বছর আগে ঢাকার পোস্তগোলা এলাকা থেকে ২৫০ গ্রাম হেরোইন উদ্ধারের মামলায় মহিউদ্দিন নামের ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল।
শনিবার এ রায় ঘোষণা করেন ঢাকার মহানগর মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক খোরশেদ আলম।
আদালতের বেঞ্চ সহকারী আবুল কাসেম বলেন, দণ্ডের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৬ মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে।
রায় ঘোষণার আগে মহিউদ্দিনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে পাঠানোর তথ্য দেন আবুল কাসেম।
মহিউদ্দিন দক্ষিণ কেরাণীগঞ্জ থানার খেজুরবাগ মন্দির এলাকার মৃত চাঁন মোল্লার ছেলে।
মামলার বিবরণ অনুযায়ী, মাদক বিক্রি হচ্ছে—এমন সংবাদ পেয়ে ২০২১ সালের ২৩ নভেম্বর দুপুর দেড়টার দিকে কদমতলী থানার পোস্তগোলা সেতু এলাকায় অভিযান চালায় র্যাব-১০। র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি সাদা রঙের শপিং ব্যাগ নিয়ে দৌড় দেয়। পরে র্যাব তাকে আটক করে। তল্লাশি করে তার কাছ থেকে ২৫০ গ্রাম হেরোইন মেলে; যার বাজারমূল্য ২৫ লাখ টাকা।
এ ঘটনায় র্যাব-১০-এর এসআই আব্দুল হামিদ ওইদিনই কদমতলী থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে মহিউদ্দিনকে অভিযুক্ত করে ২০২২ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন কদমতলী থানার এসআই সাইফুল ইসলাম।
২০২৩ সালের ১১ এপ্রিল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে আদালত ৯ জনের সাক্ষ্যগ্রহণ করে। আসামির আত্মপক্ষ শুনানি, মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে শনিবার রায় ঘোষণা করা হলো।
