০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

রাজবাড়ীতে পারিবারিক কলহে স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

২০২৩ সালের ১৯ জানুয়ারি রাতে পারিবারিক কলহের জেরে স্ত্রী মোসা. বিউটি বেগমকে হত্যা করেন লতিফ কাজী।

রাজবাড়ীতে পারিবারিক কলহে স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
রাজবাড়ীর জজ আদালতের প্রাঙ্গণে দণ্ড পাওয়া লতিফ কাজী।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2024, 06:40 PM

Updated : 26 Aug 2026, 10:59 AM

রাজবাড়ীতে পারিবারিক কলহে কুপিয়ে ও গলাকেটে স্ত্রীকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার বিকালে রাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ ও দ্বিতীয় জজ আদালতের বিচারক সৈয়দ সিরাজ জিন্নাত আসামির উপস্থিতিতে এ রায় দেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আব্দুর রাজ্জাক ।

দণ্ডিত লতিফ কাজী (৩৯) সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বার্থা গ্রামের মতিয়ার কাজীর ছেলে।  

মামলার বরাতে পিপি আব্দুর রাজ্জাক বলেন, ২০২৩ সালের ১৯ জানুয়ারি রাতে পারিবারিক কলহের জেরে স্ত্রী মোসা. বিউটি বেগমকে (৩০) দা দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেন লতিফ কাজী। 

পরে নিহত বিউটির বাবা বিল্লাল মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় লতিফ কাজীকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। 

তিনি আরও বলেন, আদালত দীর্ঘ শুনানী শেষে মঙ্গলবার লতিফ কাজীকে ফাঁসির রায় দিয়েছেন। সেইসঙ্গে তার ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। 

এ রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে, বলেন এই আইনজীবী।