২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত

গুরুতর আহত দুইজনের মধ্যে আশঙ্কাজনক একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত

সুনামগঞ্জ সদর থানা

সুনামগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2023, 03:58 PM

Updated : 14 Mar 2023, 03:58 PM

সুনামগঞ্জ সদর উপজেলায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুই জন। 

মঙ্গলবার সকালে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের হালুয়ারগাও এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সুনামগঞ্জ হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. সেলিম। 

নিহতরা হলেন নাসির আলম (২৮) ও হাদিউল ইসলাম কামালী (২৪)। নাসির চট্টগ্রামের বাসিন্দা এবং হাদিউল জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা। 

পরিদর্শক মো. সেলিম জানান, মঙ্গলবার সকালে সুনামগঞ্জ শহর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাক ও জগন্নাথপুর থেকে আসা একটি সিএনজির মধ্যে হালুয়ারগাও এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। 

এ সময় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান। 

গুরুতর আহত হয়েছেন আরও দুই যাত্রী। তাদের সুনামগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়ার পর আশঙ্কাজনক একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

সুনামগঞ্জ সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, নিহত দুজনের লাশ স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে। 

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে তিনি বলেন, ট্রাকের চালক পালিয়ে গেছে। হাইওয়ে পুলিশ ট্রাকটি জব্দ করে নিয়ে গেছে।