২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর ভুবনেশ্বর নদে কুমির, এলাকায় আতঙ্ক

খুলনা বিভাগীয় বন অধিদপ্তরের এক মৎস্য বিশেষজ্ঞ জানান, স্থানীয় কর্মকর্তাদের মাধ্যমে কুমিরটির অবস্থান সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2023, 11:28 PM

Updated : 12 Oct 2023, 11:45 PM

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের ভুবনেশ্বর নদে একটি কুমিরের দেখা মিলেছে। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

গত বুধবার বিকালের দিকে গাজিরটেক ইউনিয়নের ব্যাপারী ডাঙ্গী গ্রামের লোকমান মাতুব্বরের বাড়ির কাছে নদে কুমিরটি দেখেতে পান স্থানীয়রা।

এ বিষয়ে এলাকাবাসীকে সতর্ক করতে এশার নামাজের পর স্থানীয় মসজিদের মাইকে প্রচার করা হয়। খবর পেয়ে রাতেই চরভদ্রাসন থানা পুলিশ স্থানটি পরিদর্শন করে।

তবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কুমিরটি ওই এলাকা থেকে এক কিলোমিটার দূরে তেলিডাঙ্গি এলাকায় অবস্থান করছিল বলে জানা যায়।

স্থানীয় বাসিন্দা মোস্তাফিজুর রহমান জানান, বুধবার রাত ১১টার দিকে ওই গ্রামে গিয়ে দেখা যায়, লোকমান মাতুব্বরের বাড়ির কাছে নদে একটি বাঁশের সাঁকোর নিচে কুমিরটি অবস্থান করছে। ১৫/২০ মিনিট পর পর পানি থেকে মাথা উঠিয়ে আবার ডুব দিচ্ছে জলজ প্রাণীটি।

সুজন বেপারী নামে স্থানীয় একজন জানান, কুমিরের বিষয়টি সন্ধ্যার পর এলাকায় জানাজানি হয় এবং পরে এ ব্যাপারে মসজিদের মাইকে এলাকাবাসীকে সতর্ক করা হয়।

উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. কাউছার ব্যাপারী বলেন, কুমিরের খবর পেয়ে তিনি বিষয়টি প্রশাসনকে জানিয়েছেন। কিন্তু প্রাণীটি উদ্ধারে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

বৃহস্পতিবার সকালে কুমিরের খোঁজে পুনরায় ওই গ্রামে গিয়ে দেখা যায়, কুমিরটি পূর্বের স্থান থেকে প্রায় এক কিলোমিটার ভাটিতে তেলিডাঙ্গী সিকদার ডাঙ্গী এলাকায় অবস্থান করছে। সেখানে নদের পানিতে কিছু সময় পর পর মাথা তুলে আবার ডুব দিচ্ছে। এ সময় কুমির দেখেতে নানা বয়সি মানুষকে রাস্তার দুই পাশে ভিড় করতে দেখা গেছে।

কুমিরটি উদ্ধারে বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কোনো পদক্ষেপ না নেওয়ায় শঙ্কা প্রকাশ করে স্থানীয়রা বলেন, এই নদের পানিতে ছোট ছেলে-মেয়েরা গোসল করার পাশাপাশি গৃহস্থালীর কাজ-কর্মও করা হয়। এখনও কুমিরটি উদ্ধার না হওয়ায় আতঙ্কে রয়েছেন তারা।

কুমিরটি উদ্ধারের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী মোর্শেদ বলেন, “বিষয়টি আমি বনবিভাগসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। সংশ্লিষ্টরা শিগগিরই এটি উদ্ধার করে নিরাপদ স্থানে অবমুক্ত করবে। সেই সাথে এলাকাবাসীকে আপাতত গোসল বা নদে নেমে অন্য কোনো কাজ করতে নিষেধ করা হয়েছে।”

ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তা গোলাম কুদ্দুস ভূঁইয়া বলেন, “বিষয়টি খুলনা বিভাগীয় অফিসে জানানো হয়েছে। তারা সেখান থেকে কুমিরটি উদ্ধারে একটি দল পাঠানোর ব্যবস্থা করছে।”

খুলনা বিভাগীয় বন অধিদপ্তরের মৎস্য বিশেষজ্ঞ মফিজুর রহমান চৌধুরী বলেন, “স্থানীয় কর্মকর্তাদের মাধ্যমে কুমিরটির অবস্থান সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। সঠিক অবস্থান জানতে পারলে আমাদের একটি টিমকে উদ্ধার অভিযানে পাঠানো হবে।”