২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে রাস্তার পাশে বস্তাবন্দি স্কুল ছাত্রীর লাশ

ঘটনায় জড়িতদের বের করতে কাজ শুরু করেছে পুলিশ।

সুনামগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2023, 12:03 AM

Updated : 23 Jul 2023, 12:03 AM

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় রাস্তার পাশ থেকে এক স্কুল ছাত্রীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

দিরাই-মদনপুর আঞ্চলিক সড়কের পাথারিয়া এলাকা থেকে শনিবার সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে শান্তিগঞ্জ থানার ওসি খালেদ চৌধুরী জানান। 

নিহত সাজনা আক্তার (১৪) পাথারিয়া গ্রামের ইসমাইল মিয়ার মেয়ে এবং সুরমা হাইস্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ‘বি’ শাখার ছাত্রী। 

উপজেলার পাথারিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক বলেন, “সাজনা আমার চাচাতো বোন। সন্ধ্যায় মানুষজন ইটভাটা এলাকায় সড়কের পাশে একটি বস্তা দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে বস্তায় লাশটি দেখতে পায়। 

“তখন আমরা চিনতে পারি সে আমাদের চাচাতো বোন। কারা আমার বোনকে হত্যা করে লাশ এভাবে ফেলে রেখে গেছে জানি না। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই এবং অপরাধীদের খুঁজে বের করে কঠিন শাস্তির দাবি জানাই।” 

ওসি খালেদ চৌধুরী বলেন, “লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। আমরা এ ঘটনার পিছনে কারা জড়িত আছে তাদের বের করার কাজ শুরু করেছি।”