গ্যাস থেকে বিস্ফোরণ, মিনারুলকেও বাঁচানো গেল না
রান্নাঘরের গ্যাস থেকে বিস্ফোরণে বাবার মৃত্যুর দুদিন পর মারা গেলেন মিনারুল; চিকিৎসাধীন রয়েছেন তার মা-সহ আরও একজন।
গাজীপুর মহানগরীর বোর্ড বাজার এলাকায় রান্নাঘরের গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মিনারুল ইসলাম মারা গেছেন।
তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা মিনারুলের বাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার লক্ষ্মীপুর গ্রামে।
তার ছোট ভাই আনারুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মিনারুলের (৩৫) মৃত্যু হয়। তার স্ত্রী ও নয় মাস বয়সী এক কন্যা সন্তান রয়েছে।
রোববার রাতের বিস্ফোরণের ওই ঘটনায় পরদিন বিকালে মিনারুলের বাবা ফরমান মণ্ডলও (৭৫) মারা যান। তিনিও ৯৫ শতাংশ পোড়া-ক্ষত নিয়ে একই হাসপাতালে ভর্তি ছিলেন।
একই ঘটনায় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন মিনারুলের মা খাদিজা বেগম (৬৫), তার শরীরের ৫ শতাংশ পুড়েছে। গ্যাসের চুলা মিস্ত্রি শফিকুল ইসলামও (৩৪) দগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
মিনারুলের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানিয়েছে মেডিকলে পুলিশ ফাড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
গাজীপুর মহানগরীর গাছা এলাকার উত্তর খাইলকুর জমির উদ্দিন খান রোডের একটি বাসায় স্ত্রী-সন্তান নিয়ে থাকছিলেন মিনারুল। ২০-২২ দিন আগে তার বাবা-মা তার বাসায় বেড়াতে যান।
পুলিশ জানায়, রোববার বিকালে গ্যাস শেষ হয়ে গেলে মিনারুল স্থানীয় বাজারের খান এন্টারপ্রাইজ নামের একটি দোকান থেকে গ্যাসভর্তি নতুন সিলিন্ডার কিনে আনেন। কিন্তু সেটির সঙ্গে চুলার সংযোগের পরও গ্যাস জ্বলছিল না। পরে রাতে তিনি মিস্ত্রি শফিকুল ইসলামকে ডেকে আনেন।
সম্ভবত এর আগেই সিলিন্ডারের গ্যাসপাইপ থেকে ঘরে গ্যাস ছড়িয়ে পড়েছিল। রাত সাড়ে ১০টার দিকে শফিকুল মেরামতের সময় অটো চুলার সুইচ চাপ দিলে বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন ধরে যায়।
সেসময় রান্না ঘরে থাকা শফিকুল ও খাদিজা, পাশের কক্ষে থাকা মিনারুল ও তার বাবা ফরমান মণ্ডল দগ্ধ হন। তার স্ত্রী ও সন্তান পাশের অন্য একটি কক্ষে থাকায় তারা রক্ষা পান। ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছার আগেই আগুন নিভে যায়। বিস্ফোরণে কক্ষের জানালার কাচ চুরমার হয়ে যায়, দরজাসহ অন্যান্য আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।
গাছা থানার ওসি মো. ইব্রাহীম হোসেন বলেন, “আহত চারজনের মধ্যে দুজন মারা গেছে। এ বিষয়ে খোঁজ রাখা হচ্ছে। যেহেতু এটা দুর্ঘটনা, আমরা আইনি ব্যবস্থা নেব।”
তিনি জানান, গ্যাস সিলিন্ডার অক্ষত থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘরে জমে থাকা গ্যাস থেকেই এ বিস্ফোরণ হয়েছে।
আরও পড়ুন
