গাজীপুরে গ্যাসের চুলা বিস্ফোরণে দগ্ধ বাবার মৃত্যু, ছেলের অবস্থাও আশঙ্কাজনক
“ফরমান আলীর শরীরের ৯৫ শতাংশই পুড়ে গিয়েছিল; তার ছেলে মিনারুল ইসলামের শরীরেরও ৯৫ শতাংশ পুড়ে গেছে।”
গাজীপুর মহানগরীর বোর্ড বাজারে গ্যাসের চুলা বিস্ফোরণে দগ্ধ চারজনের মধ্যে একজন মারা গেছেন।
সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালটির আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।
নিহত ব্যক্তির নাম ফরমান মন্ডল (৭৫)। তিনি বোর্ড বাজারের উত্তর খাইলকুর মুক্তারবাড়ি এলাকার বাসিন্দা।
এর আগে রোববার রাতে বাড়ির রান্নাঘরের গ্যাসের চুলা বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ফরমান মন্ডল ছাড়াও তার স্ত্রী খাদিজা বেগম (৬৫), ছেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মো. মিনারুল ইসলাম (৩৫) এবং গ্যাসের মিস্ত্রি শফিকুল ইসলাম (৩৪) দগ্ধ হন।
ডা. তরিকুল ইসলাম বলেন, ফরমান আলীর শরীরের ৯৫ শতাংশই পুড়ে গিয়েছিল। তার ছেলে মিনারুল ইসলামের শরীরেরও ৯৫ শতাংশ পুড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তিনি আইসিইউতে রয়েছেন। এছাড়া খাদিজা ও শফিকুলও আইসিইউতে চিকিৎসাধীন।
এলাকাবাসীর বরাত দিয়ে গাছা থানার ওসি মো. ইব্রাহীম হোসেন জানান, উত্তর খাইলকুর জমির উদ্দিন খান রোডের একটি বাড়িতে বাবা-মা ও স্ত্রী-সন্তান নিয়ে বাস করতেন মিনারুল ইসলাম। রোববার বিকালে তাদের বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডার শেষ হয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় বাজারের খান এন্টারপ্রাইজ নামে একটি দোকান থেকে গ্যাসভর্তি নতুন সিলিন্ডার কিনে আনেন মিনারুল। কিন্তু সিলিন্ডারটি চুলায় সংযোগের পরও গ্যাস জ্বলছিল না। পরে মিনারুল সিলিন্ডারের দোকান থেকে মিস্ত্রি শফিকুল ইসলামকে বাসায় নিয়ে যান।
সম্ভবত এর আগেই সিলিন্ডারের গ্যাসপাইপ লিকেজ হয়ে ঘরে গ্যাস ছড়িয়ে পড়ে। রাত সাড়ে ১০ টার দিকে শফিকুল সিলিন্ডারটি মেরামত করার সময় অটো চুলার সুইচ চাপ দেওয়ার এক পর্যায়ে বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন ধরে যায়।
ওসি জানান, আগুনে রান্না ঘরে থাকা শফিকুল ও খাদিজা, পাশের কক্ষে থাকা মিনারুল ও তার বাবা ফরমান মন্ডল দগ্ধ হন। এসময়ে তার স্ত্রী ও সন্তান পাশের অন্য একটি কক্ষে থাকায় তারা রক্ষা পায়। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছার আগেই আগুন নিভে যায় বলেও জানান তিনি।
বিস্ফোরণ ও গ্যাসের চাপে রুমে থাকা জানালার কাঁচ চুরমার হয়ে যায়, দরজাসহ অন্যান্য আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয় বলে জানান ওসি। গ্যাস সিলিন্ডার অক্ষত থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘরে জমে থাকা গ্যাস থেকেই এ বিস্ফোরণ হয়েছে।
