২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে গ্যাসের চুলা বিস্ফোরণে একই পরিবারের তিন জনসহ দগ্ধ ৪

আহতরা ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2023, 04:11 PM

Updated : 14 Aug 2023, 04:11 PM

গাজীপুর মহানগরীর বোর্ডবাজারে গ্যাসের চুলা বিস্ফোরণে একই পরিবারের তিন জনসহ চার জন দগ্ধ হয়েছেন।  

রোববার রাত সাড়ে ১০টার দিকে নগরীর গাছা এলাকার উত্তর খাইলকুর জমির উদ্দিন খান রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে বলে গাছা থানার ওসি মো. ইব্রাহীম হোসেন জানান।

দগ্ধদের একজন মো. মিনারুল ইসলাম (৩৫) গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার বলে সেখানকার জনসংযোগ কর্মকর্তা মো. আতাউর রহমান জানান। 

অন্যরা হলেন: মিনারুল ইসলামের বাবা ঝিনাইদহের হরিণাকুণ্ড ‍উপজেলার লক্ষীপুর গ্রামের মো. ফরমান মণ্ডল (৭৫), মা খাদিজা বেগম (৬৫) এবং পাবনার সুজানগর উপজেলার মোকলেসপুর গ্রামের গ্যাসের চুলামিস্ত্রি মো. সফিকুল ইসলাম (২৫)।

ওসি ইব্রাহীম হোসেন এলাকাবাসীর বরাত দিয়ে জানান, ওই এলাকায় মিনারুল ইসলাম তার স্ত্রী-সন্তান ও বাবা-মাকে নিয়ে বসবাস করেন। গত রোববার বিকালে তাদের বাসার সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে যায়। স্থানীয় বাজার থেকে গ্যাস ভরতি নতুন সিলিন্ডার লাগালেও চুলা জ্বলছিল না। এ অবস্থায় রাতে মিনারুল চুলামিস্ত্রি সফিকুল ইসলামকে বাসায় নিয়ে যান।

সফিকুল মেরামতের সময় অটো চুলার নব ঘোরানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে রান্না ঘরে আগুন ধরে যায়। এতে সফিকুল, সেখানে থাকা খাদিজা, পাশের কক্ষে থাকা মিনারুল ও তার বাবা ফরমান মণ্ডল দগ্ধ হন। মিনারুলের স্ত্রী-সন্তান দূরের কক্ষে থাকায় তারা রক্ষা পান। বিস্ফোরণ ও গ্যাসের চাপে কক্ষের জানালার থাই গ্লাস চুরমার হয়ে যায় এবং ঘরের দরজাসহ আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। 

আহতরা ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

সেখানকার আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, মিনারুল ইসলাম ৯৫%, তার বাবা ফরমান মণ্ডল ৯৫% এবং মা খাদিজা ৫% দগ্ধ হয়েছেন। 

গাজীপুরের গাছা থানার ওসি ইব্রাহীম হোসেন বলেন, রাতেই দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সিলিন্ডার অক্ষত থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটেছে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা যাওয়ার আগেই আগুন নিভে যায় জানিয়ে ওসি আরও বলেন, গাছা থানার এসআই কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। সিআইডি ক্রাইম সিন ম্যানেজমেন্ট টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।