সাভারে বিএনপির পদযাত্রায় মহাসড়কে যানজট, ভোগান্তি যাত্রীদের
বিএনপির পদযাত্রার কারণে আরিচা মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছিল বলে জানান সাভার হাইওয়ে থানার ওসি।
এক দফা দাবিতে সাভারে শান্তিপূর্ণভাবে বিএনপির পদযাত্রা কর্মসূচি শেষ হয়েছে। তবে পদযাত্রার কারণে মহাসড়কে তীব্র যানজটে আটকা পরে শত শত যানবাহন। আর তীব্র গরমে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা জেলা বিএনপি ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ইসলামপুর বাসস্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে পদযাত্রা কর্মসূচি শুরু করে বলে জানান সাভার হাইওয়ে থানার ওসি আজিজুল হক।
সরেজমিনে দেখা যায়, বিএনপির কয়েকশ নেতা-কর্মী ঢাকাগামী সার্ভিস লেনে অবস্থান নেন। পদযাত্রা থেকে বিএনপি নেতা-কর্মীরা বর্তমান সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান।
এ ছাড়া নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে মহাসড়কে অবস্থান নিয়ে নবীনগরের দিকে পদযাত্রা শুরু করেন। কয়েকটি পিকআপ ভ্যানেও নেতা-কর্মীদের দেখা যায়।
পরে দুপুর ১২টার দিকে নবীনগর জয় রেস্তোঁরার সামনে এসে তাদের কর্মসূচি শেষ হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে মহাসড়কে অতিরিক্ত পুলিশের অবস্থান দেখা যায়।
এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।
কর্মসূচিতে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “এ দাবি বিএনপির দাবি না, এ দাবি সাধারণ জনগণের দাবি। আমাদের চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। আমরা অচিরেই এক দফা আন্দোলনের সফলতা আনার জন্য কঠোর কর্মসূচিতে যাব।”
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী বলেন, “এই অবৈধ সরকার, মাফিয়া সরকার পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।”
সাভার হাইওয়ে থানার ওসি আজিজুল হক বলেন, “বিএনপির পদযাত্রার কারণে আরিচা মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছিল। পরে আমাদের পুলিশের উপস্থিতিতে যান চলাচল স্বাভাবিক হয়েছে।”
অপরদিকে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার গাবতলী থেকে শুরু হওয়া পদযাত্রার কারণে ঢাকা-আরিচা মহাসড়কের গাবতলী থেকে সাভারের সালেহপুর ব্রিজ এলাকায় প্রায় ২ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়।
ঢাকা জেলা উত্তর ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) হোসেন শহীদ চৌধুরী বলেন, “গাবতলীতে বিএনপির পদযাত্রার কারণে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে আমিনবাজার এলাকা পর্যন্ত কিছুটা যানজটের সৃষ্টি হয়।”
