২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বই উৎসব: সব বই পাচ্ছে না গোপালগঞ্জে মাধ্যমিকের শিক্ষার্থীরা

জেলার ৫ উপজেলায় ৫৯ দশমিক ৬০ ভাগ বই এসেছে। বাকি ৪১ দশমিক ৪০ ভাগ বই এখনও আসেনি।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2022, 11:31 AM

Updated : 30 Dec 2022, 11:42 AM

গোপালগঞ্জে এখনও মাধ্যমিকের সব বই এসে পৌঁছায় নি। তাই বই উৎসবের দিন শতভাগ বই পাবে না শিক্ষার্থীরা।

জেলার পাঁচ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও ভোকেশনালে ১৭ লাখ ৭১ হাজার ১১১টি বইয়ের চাহিদা রয়েছে। এর মধ্যে ১০ লাখ ৩৭ হাজার ৮০৬টি বই এসেছে। বাকি ৭ লাখ ৩৩ হাজারে ৩০৫টি বই আসেনি।

এ তথ্য জনিয়ে জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, ১ জানুয়ারি বই উৎসবের দিন শিক্ষার্থীরা শতভাগ বই পাবে না। এখন পর্যন্ত জেলার ৫ উপজেলায় ৫৯ দশমিক ৬০ ভাগ বই এসেছে। বাকি ৪১ দশমিক ৪০ ভাগ বই এখনও আসেনি।

বই উৎসবের দিন প্রত্যেক শিক্ষার্থীর হাতেই ৬০ ভাগ বই পৌঁছে দেওয়া হবে। বাকি বই ১০ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গোপালগঞ্জ সদর উপজেলায় ৪ লাখ ৮৯ হাজার ৬০০ বাইয়ের চাহিদার বিপরীতে ৩ লাখ ৬৭ হাজার ২২৫ টি বই এসেছে। টুঙ্গিপাড়ায় ১ লাখ ৫৩ হাজার ৭১৩টি বইয়ের চাহিদা রয়েছে। এসেছে ৯০ হাজার ৯৯০টি বই।

কোটালীপাড়ায় ৩ লাখ ২৪ হাজার ৭৮২টি বাইয়ের চাহিদার বিপরীতে ১ লাখ ৯৫ হাজার ৮৬টি বই এসে পৌঁছেছে। কাশিয়ানীতে ২ লাখ ৮৩ হাজার ৫৯০টি বইয়ের চাহিদা রয়েছে। পাওয়া গেছে ১ লাখ ৪২ হাজার ৭৭০টি বই।

মুকসুদপুরে ৪ লাখ ৬১ হাজার ৬০৪টি বইয়ের চাহিদার বিপরীতে এসেছে ২ লাখ ২৪ হাজার ৩১৭টি বই। এছাড়া ভোকেশনাল শাখায় ৫৭ হাজার ৮২২টি বইয়ের চাহিদা রয়েছে। এই শাখায় এসেছে ১৭ হাজার ৩৯১টি বই।

গোপালগঞ্জ সদর উপজেলার আড়পাড়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিসুর রহমান বলেন, “সপ্তম শ্রেণির তিনটি বিষয়ের বই পেয়েছি। অন্য শ্রেণির সব বই আমাদের স্কুলে এসেছে।

“বই উৎসবের দিনে আমরা সব শিক্ষার্থীর হাতে নতুন বই দিতে পারব। নতুন বই দিয়েই আমরা শিক্ষাবর্ষ শুরু করব।”

গোপালগঞ্জ শহরের ঘোষেরচর গ্রামের ফকিরকান্দি এলাকার মিলন শেখের মেয়ে বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই বছর অষ্টম শ্রেণিতে প্রমোশন পেয়েছে।

মিলন বলেন, “কাগজের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় প্রিন্টিং শিল্প হুমকির মুখে পড়েছে। এই অবস্থার মধ্যেও সরকার বিনামূল্যে বই দিচ্ছে। এই জন্য সরকার প্রধান শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।

“স্কুলে খোঁজ নিয়ে জানতে পেরেছি, প্রায় সব বই এসেছে। বই উৎসবের দিন আমার মেয়ে সেট সহ বই পাবে।”

গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় গ্রামের ববিতা সরকার বলেন, “সাতপাড় গয়ালী চন্দ্র উচ্চ বিদ্যালয়ে খোঁজ নিয়ে জানতে পেরেছি সব ক্লাসের ৮০ ভাগ বই এসেছে। ১ জানুয়ারি স্কুল কর্তৃপক্ষ আমার ছেলে-মেয়ের হাতে ৮০ ভাগ বই তুলে দেবে।

“বাকি বই প্রধান শিক্ষক দ্রুত দেবেন বলেও আমাকে জানিয়েছেন।”