১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

বাংলাদেশের বিপক্ষে সতীর্থদের ২০০ ভাগ প্রস্তুত থাকতে বললেন মার্করাম

বাংলাদেশের সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স দেখে নিজেদের প্রস্তুতি দ্বিগুণ করার তাগিদ দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানের।

বাংলাদেশের বিপক্ষে সতীর্থদের ২০০ ভাগ প্রস্তুত থাকতে বললেন মার্করাম

এইডেন মার্করাম। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 07:40 PM

Updated : 12 Nov 2026, 07:40 PM

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে জয়ের পর থেকে উল্টো পথে হাঁটছে বাংলাদেশ। কোনো সংস্করণেই তাদের নেই কোনো জয়। তবে দলটির সামর্থ্য সম্পর্কে সচেতন এইডেন মার্করাম। টেস্ট সিরিজে মুখোমুখি হওয়ার আগে তাই নিজেদের প্রস্তুতিতে কোনোরকম ঘাটতি রাখতে চান না দক্ষিণ আফ্রিকার এই অভিজ্ঞ ব্যাটসম্যান।

দীর্ঘদিন স্পিনকেন্দ্রিক দল হিসেবে ক্রিকেট বিশ্বে পরিচিত ছিল বাংলাদেশ। তবে গত কয়েক বছরে পেস বোলিংয়ে যেন বিপ্লব ঘটিয়েছে তারা। ঘরের মাঠে কিংবা বিদেশে গতির ঝড়ে মাঝেমধ্যে প্রতিপক্ষকে কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশ।

গত অগাস্টে হাসান মাহমুদ, তাসকিন আহমেদদের নৈপুণ্যেই অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে হারলেও, সেখানে একমাত্র ইনিংসে দুর্দান্ত বোলিংয়ে ৭ উইকেট নেন শরিফুল ইসলাম।

একই সফরে চমৎকার সেঞ্চুরি করে দলের জয়ে দারুণ ভূমিকা রাখেন তানজিদ হাসান। সব মিলিয়ে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স সম্পর্কে সচেতন মার্করাম।

দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে সুপার স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে তাই নিজেদের প্রস্তুতি দ্বিগুণ রাখার তাগিদ দিলেন ৩২ বছর বয়সি ব্যাটসম্যান।

“স্বাভাবিকভাবেই ওরা সবসময় স্পিনের বিপক্ষে ভালো খেলোয়াড় এবং বোলিং আক্রমণেও ভালো স্পিনার আছে। তবে এখন প্রমাণ করছে যে, গতি ও বাউন্স সামলানোর মতো ব্যাটারও তাদের আছে। পাশাপাশি পেস-সহায়ক কন্ডিশনে গতিময় এবং সঠিক জায়গায় বল ফেলার মতো দারুণ একটা বোলিং আক্রমণও ওদের রয়েছে।

“আমার মনে হয়, ওরা এখন আগের চেয়ে অনেক পরিপূর্ণ একটি দল, যার প্রমাণ ওরা অস্ট্রেলিয়াতে দিয়েছে। আমার কোনো সন্দেহ নেই যে, ওরা এখানেও একই মানসিকতা নিয়ে আসবে। তাই আমাদেরও ২০০ ভাগ প্রস্তুত থাকতে হবে। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের আশা করছি।”

জোহানেসবার্গে আগামী রোববার শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। সেঞ্চুরিয়নে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ২৩ নভেম্বর।