০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

বাংলাদেশের উন্নতি চোখে পড়েছে পাকিস্তান কোচের

সেমি-ফাইনালে কার মুখোমুখি হতে চান, এই প্রশ্নে অবশ্য কৌশলী উত্তর দিয়েছেন পাকিস্তান কোচ নোলবের্তো আলবিনো সোলানো তোদকো।

বাংলাদেশের উন্নতি চোখে পড়েছে পাকিস্তান কোচের

পাকিস্তান কোচ নোলবের্তো আলবিনো সোলানো তোদকা। ছবি: পাকিস্তান ফুটবল ফেডারেশন ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Nov 2026, 08:48 PM

Updated : 08 Nov 2026, 08:48 PM

মালদ্বীপকে উড়িয়ে সংবাদ সম্মেলনে হাসিমুখে এলেন পাকিস্তান কোচ নোলবের্তো আলবিনো সোলানো তোদকা। তার ভাবনায় এখন সেমি-ফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষ। সেখানে বাংলাদেশের সাথেও দেখা হতে পারে। তিনি কোচ অবশ্য হামজা-শমিতদের বিপক্ষে সম্ভাব্য সেমি-ফাইনাল নিয়ে কথা বলতে চাইলেন না। তবে, বাংলাদেশের উন্নতির প্রশংসা করলেন।

পল্টনের জাতীয় স্টেডিয়ামে রোববার মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছে পাকিস্তান। ২০১৮ সালের পর প্রথম সেরা চারের মঞ্চে জায়গা করে নিয়েছে তারা। এবারের আসরে তাদের শুরুটা অবশ্য সুখকর ছিল না; চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পাঁচ গোলের রোমাঞ্চকর ম্যাচে হেরে যায় ৩-২ ব্যবধানে।

ওই ধাক্কা সামলে, দুইবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে দাপুটে জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন সোলানো। পেরুর এই কোচ বললেন, সেমি-ফাইনালে যেকোনো প্রতিপক্ষের জন্যই প্রস্তুত তিনি।

“ফুটবলে আপনাকে যেকোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ আপনি যেটাকে সহজ ভাববেন, সেটা হবে না। সব জাতীয় দলের প্রতি আমাদের সম্মান আছে। তবে, আমরাও একটি শক্তিশালী জাতীয় দল গড়ে তুলছি। তাই যা-ই ঘটুক না কেন, যা কিছুরই মুখোমুখি হতে হোক না কেন, তার জন্য প্রস্তুত থাকতে হবে আমাদের।

“এই প্রতিযোগিতা জিততে হলে সেরা দলগুলোর বিপক্ষে খেলার জন্য প্রস্তুত থাকতে হবে। তাই আমি যেমনটা বলছি যা-ই ঘটুক আমাদের অপেক্ষা করতে হবে, আমি জানি না কী হতে যাচ্ছে। কেননা, আমরা এখনও নিজেদের প্রস্তুত করে তুলছি।”

দলের সেরা তারকা হামজা চৌধুরীর অনুপস্থিতিতেই ভুটানকে ১-০ গোলে হারিয়ে সাফ শুরু করেছে বাংলাদেশ। সোমবার এই ইংলিশ ডিফেন্সিভ মিডফিল্ডারের দলে যোগ দেওয়ার কথা। হামজার নাম উল্লেখ না করলেও, প্রবাসীদের উপস্থিতিতে বাংলাদেশের উন্নতির প্রশংসা করলেন পাকিস্তান কোচ।

“হ্যাঁ, আপনাদের (বাংলাদেশ দলে) ভালো খেলোয়াড় আছে, অভিজ্ঞ খেলোয়াড় আছে। আমি বেশ অবাক হয়েছিলাম কিছু প্রিমিয়ার লিগের খেলোয়াড় দেখে আর আপনাদের অন্যতম একজন তারকা ফুটবলার আছে, যিনি লেস্টার সিটির হয়ে খেলতেন। বাংলাদেশ এই পুরো এশিয়ান অঞ্চল উন্নতি করছে।

“বাংলাদেশ খুব ভালো জাতীয় দল এবং তারা ভালো ফুটবল খেলে। তাদের অনেক প্রতিযোগিতা আছে। নিজস্ব লিগ আছে; সেটা বাংলাদেশের ফুটবলের উন্নতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি যেমনটা বলছি সেমি-ফাইনালে যা-ই ঘটুক, আমাদের প্রস্তুত থাকতে হবে। প্রতিটি ম্যাচ কঠিন এবং চ্যালেঞ্জিং হবে। আশা করি, আমরা খুব ভালো একটি সেমি-ফাইনাল খেলব এবং ফাইনালে ওঠার চেষ্টা করব।”