আক্ষেপের কাঁটায় বিদ্ধ হয়েও মনের কোণে স্বপ্নের বুদবুদ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারার হতাশা আছে দলে, সামনে কঠিন সমীকরণের চ্যালেঞ্জও আছে, তবু বড় প্রাপ্তির আশা মরে যায়নি নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজদের।
জোহানেসবার্গের নেটে ব্যাটিং সেশন শেষ করে ছাউনির নিচে এসে বিশ্রাম নিচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত। বোলিং সেশন শেষ করে তখন ব্যাটিংয়ের প্রস্তুতি নিতে সেখানেই এলেন মেহেদী হাসান মিরাজ। কথায় কথায় শান্তর দিকে তাকিয়ে বললেন, “দোস্ত, আর তিনটি ম্যাচ জিতলে আমরা ফাইনাল খেলতে পারব?” একটু ভেবে শান্তর জবাব, “অন্য দলগুলির হিসাব আমাদের পক্ষে এলে মনে হয় ফাইনালের চান্স থাকবে…!”
বাংলাদেশ টেস্ট অধিনায়ক ও সহ-অধিনায়কের এই কথোপকথন শুনলে কেউ হাসতে পারেন, কেউ বিস্ময়ে ভাসতে পারেন। এখনও তাহলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণ নিয়ে ভাবছেন তারা!
কিছুদিন আগেই ব্যাপারটি এমন হাস্যকর কিংবা এতটা বিস্ময়কর ছিল না। বাংলাদেশ সত্যি সত্যিই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারে, এই বিশ্বাস বুকে পুষে রাখা লোক হয়তো কমই ছিল। তবে অঙ্কের সমীকরণ পক্ষে থাকায় ফাইনাল সম্ভাবনার চর্চাটা বেশ জোরেসোরেই হচ্ছিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের ম্যাচ দুটি প্রত্যাশিভাবে জিততে পারলে স্বপ্নটা সত্যিকার অর্থেই ডানা মেলে দিত।
কিন্তু হয়েছে উল্টো। এই সিরিজ হেরে স্বপ্নটি এখন ডানাভাঙা পাখির মতোই কাতরাচ্ছে।
পয়েন্ট তালিকায় বাংলাদেশ চার থেকে নেমে গেছে পাঁচে। পয়েন্টের শতকরা হারেও লেগেছে বড় চোট। এই চক্রে আর চারটি টেস্ট বাকি আছে। দুটি দক্ষিণ আফ্রিকায়, দুটি দেশের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে। এই চারটি থেকে তিনটি টেস্ট জয়ের আশাকে এই মুহূর্তে মনে হতে পারে দুঃসাহস। বরং বেশি বাস্তবসম্মত প্রশ্ন হতে পারে, আদৌ কি আর একটি টেস্ট জিততে পারবে বাংলাদেশ?
দক্ষিণ আফ্রিকায় একটি টেস্ট জিততে পারলেও সেটি হবে মহাবিস্ময়কর। অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে একটি টেস্টে হারানোর পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়টাকে খুব অভাবনীয় নাও বলতে পারেন অনেকে। কিন্তু ইতিহাস ও নানা পারিপার্শ্বিকতা বলবে, কাজটা আদতে আরও কঠিন।
দক্ষিণ আফ্রিকায় আট টেস্ট খেলে সবকটিই হেরেছে বাংলাদেশ। এর পাঁচটিতে হেরেছে ইনিংস ব্যবধানে, বাকি তিনটিতে ৩৩২ রান, ২২০ রান ও ৩৩২ রানে। অসহায় আত্মসমর্পণের একেকটি খতিয়ান।
শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশের অন্য দলগুলির জন্যও দক্ষিণ আফ্রিকা সফর সবসময় কঠিন। ভারত যদিও সবশেষ টেস্টটি জিতেছে কেপ টাউনে, তবে আগের আট টেস্টের ছয়টিতেই তারা হেরেছে। পাকিস্তান ১৭ টেস্টে জিতেছে স্রেফ দুটি। সবশেষ জয়টি ছিল সেই ২০০৭ সালে। এরপর হেরেছে টানা ৯ টেস্ট। শ্রীলঙ্কা জিতেছে ১৯ টেস্টের তিনটিতে। সবশেষ দুটি সফরেই তারা হোয়াইটওয়াশড হয়েছে সব ম্যাচে বড় ব্যবধানে হেরে।
ইতিহাসের সেই প্রতিবদ্ধকতার সঙ্গে বাংলাদেশের জন্য আছে কঠিন বর্তমানও। ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে অবিস্মরণীয় সেই জয়টিকে এখন মনে হচ্ছে যেন সুদূর অতীতের কোনো ঘটনা। ঐতিহাসিক ওই জয়ের পর ম্যাকাই টেস্টে দুই দিনে হারলেও ধাক্কাটা সজোরে লাগেনি। বরং টেস্ট ক্রিকেটে ইতিহাসের সেরা সময় কাটাচ্ছিল বাংলাদেশ। কিন্তু গত এক মাসে সেই সুসময়ের সতেজ হাওয়া বদলে গেছে দুঃসময়ের বৈরি বাতাসের ধাক্কায়।
আবু ধাবিতে জয়ের দুয়ার থেকে ড্র দিয়ে হতাশার শুরু। এরপর দেশের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে অপ্রত্যাশিত পরাজয়, সিলেটেও পিছিয়ে থেকে ড্র করে শেষ পর্যন্ত সিরিজ হার। ব্যস, ফাইনালের আলোচনা মিলিয়ে গেল বাস্তবতার শিক্ষা দিয়ে।
সেই কষ্ট এখনও বিদ্ধ করছে শান্তকে। ওয়ান্ডারার্স স্টেডিয়ামের নেটের পাশে আড্ডায় বারবারই বলছিলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হার কত বড় ধাক্কা হয়ে এসেছে তাদের জন্য। ফাইনাল স্বপ্ন চুরমার হওয়ার বেদনাই ফুটে উঠল সেই হাহাকারে।
কিন্তু, আদতেই কী তা-ই? পরমুহূর্তেই যে আবার আলোচনায় উঠে আসে তিন ম্যাচ জয়ের সমীকরণ!
জোহানেসবার্গে এবার বেশ গরম পড়েছে। স্থানীয়রা বলছেন, গত কয়েক বছরে নভেম্বর মাসের প্রথম ভাগে এতটা গরম পড়েনি। সেসব শুনে মিরাজ বলে ওঠেন, “তাহলে তো আমাদের জন্য ভালো। গরমে তো ওদেরই (দক্ষিণ আফ্রিকানদের) সমস্যা বেশি হওয়ার কথা…!”
এই কথাগুলির পেছনে হয়তো যুক্তি বা বাস্তব সম্ভাবনার ভিত্তি খুব একটা পাওয়া যাবে না। তবে একটু গভীরভাবে তাকালে দেখা যাবে আশার বুদবুদ। শান্ত যেমন হাসতে হাসতে বললেন, “বাংলাদেশ দল তো ভাই… দেখবেন এখানে এমন কিছু করে ফেলেছি আমরা, কেউ ভাবতেও পারেনি…!”
অতীতে নানা সময়েই দেখা গেছে, বাংলাদেম দলের যখন দেয়ালে পিঠ ঠেকে গেছে, প্রত্যাশা যখন তলানিতে, তখনই তারা চমকপ্রদ কিছু করে ফেলেছে। মজা করে হলেও শান্তর ইঙ্গিত সেদিকে। সরাসরি না বললেও বোঝা যাচ্ছে, দক্ষিণ আফ্রিকায় যদি কোনোরকমে একটি জয় ধরা দেয়, এরপর দেশের মাঠে আগামী ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে দুটি জয় তো অসম্ভব নয়!
দেশের ক্রিকেটের বর্তমান বাতাবরণে এসব সম্ভাবনাকে পাগলের প্রলাপ মনে হতে পারে। কিন্তু একজন অধিনায়ককে, একটি দলকে তো স্বপ্ন দেখতেই হয়। অপ্রত্যাশিত ব্যর্থতার পর পুরোপুরি নুইয়ে না পড়ে অভাবনীয় সাফল্যের পথ খোঁজার সাহসও তো ক্রিকেটেরই শিক্ষা, ক্রিকেটেরই শক্তি!
ক্যারিবিয়ান ছোবলে টালমাটাল হওয়ার পরও প্রোটিয়া বধের আপাতত অসম্ভব কাজটাকে সম্ভব করার ওই পাগলাটে আশাটুকুই আপাতত শান্ত-মিরাজদের প্রেরণার জ্বালানি।
