বিকল্পভাবে খেলাপি ঋণ মধ্যস্থতায় ৫ প্রতিষ্ঠানকে অনুমোদন
এসব প্রতিষ্ঠানের তালিকাভুক্তির মেয়াদ হবে তিন বছর।
নীতিমালা জারির তিন মাস পর মামলার বাইরে গিয়ে আলোচনার ভিত্তিতে খেলাপি ঋণ কমিয়ে আনতে মধ্যস্থতার জন্য পাঁচ প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) নীতিমালার আলোকে এসব প্রতিষ্ঠান ব্যাংকের হয়ে মধ্যস্থতা করতে পারবে।
রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক বলেছে, অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিআইএসি), সিটিজেনস অল্টারনেটিভ ডিসপুট রেজুলেশন হাউস, হুদহুদ সলিউশনস, লবিং অ্যান্ড দ্য ল (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড ও মার্স ফিন্যান্সিয়াল অ্যান্ড লিগাল কনসালটেন্সি।
বাংলাদেশ ব্যাংকের এক সভায় প্রতিনিধিদের উপস্থিতিতে প্রতিষ্ঠানগুলোর নাম ঘোষণা করা হয়। প্রতিষ্ঠানগুলোর তালিকাভুক্তির মেয়াদ হবে আগামী তিন বছর।
এর আগে গত অগাস্টের তৃতীয় সপ্তাহে এডিআরের পূর্ণাঙ্গ নীতিমালা ‘বিকল্প বিরোধ নিষ্পত্তির’ (এডিআর) জন্য মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তালিকাভুক্তিকরণ সংক্রান্ত নীতিমালা, ২০২৬’ জারি করে বাংলাদেশ ব্যাংক।
মধ্যস্থতাকারী প্যানেলে রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি (পলিটিক্যালি এক্সপোজড পারসন) অন্তর্ভুক্ত করা যাবে না—এটিসহ নানা শর্ত দেওয়া হয়।
এর মধ্যে রয়েছে—
>> মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স ও আয়কর শনাক্তকরণ নম্বর থাকতে হবে।
>> তালিকাভুক্তির আবেদন দাখিলের সময় তিন বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী থাকতে হবে।
>> তিন বছরের ব্যবসায়িক ও পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।
>> প্রতিষ্ঠান বা এর পরিচালনা পর্ষদের কোনো সদস্য কিংবা প্রধান নির্বাহী কর্মকর্তা দেউলিয়া বা ঋণখেলাপি হতে পারবেন না। তাঁদের বিরুদ্ধে প্রতারণা, দুর্নীতি, অর্থ আত্মসাৎ, মানি লন্ডারিং বা অন্য কোনো গুরুতর ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়ার রেকর্ড থাকা যাবে না।
>> প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ ও পরিচালনার জন্য একটি পরিচালনা পর্ষদ বা সমমানের প্রশাসনিক পর্ষদ থাকতে হবে, যার সদস্যদের কমপক্ষে ৫০ শতাংশ মধ্যস্থতাকারী হওয়ার যোগ্যতাসম্পন্ন হবেন।
>> প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য একটি সাংগঠনিক কাঠামো থাকতে হবে।
>> এডিআর কার্যক্রম পরিচালনা, সমন্বয় ও প্রশাসনিক সহায়তা দেওয়ার জন্য একটি পৃথক প্রশাসনিক ইউনিট বা সেল গঠন করতে হবে।
>> ব্যাংক, ফাইন্যান্স কোম্পানি, আইন পেশা, হিসাবরক্ষণ, নিরীক্ষা বা বিচারকার্যে অন্যূন ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
>> কোনো ফৌজদারি আদালতে দণ্ডিত হওয়া কিংবা কোনো বিধান বা নিয়মাচার লঙ্ঘনের কারণে কোনো নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে শাস্তি পাওয়ার রেকর্ড থাকা যাবে না।
>> অর্থ আত্মসাৎ, দুর্নীতি, জালিয়াতি ও নৈতিক স্খলনের কারণে চাকরি বা পেশা থেকে বরখাস্ত হওয়া যাবে না।
>> কোনো ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানির ঋণখেলাপি হওয়া যাবে না।
>> কোনো সময় আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হওয়া যাবে না।
>> প্রচলিত আইন, আদালতের আদেশ অথবা উপযুক্ত কর্তৃপক্ষের বৈধ নির্দেশ কিংবা সংশ্লিষ্ট সব পক্ষের পূর্বানুমোদিত সম্মতি ছাড়া কোনো তৃতীয় পক্ষের কাছে তথ্য প্রকাশ করা যাবে না।
