পাচার হওয়া অর্থ ফেরাতে দেওয়ানি মামলা করা হচ্ছে: বাংলাদেশ ব্যাংক
পাচার হওয়া অর্থ ফেরাতে আরও ৫ থেকে ১০ বছর সময় লাগবে বলে মনে করছেন স্টোলেন অ্যাসেট রিকোভারি টাস্কফোর্স বিষয়ক উপদেষ্টা ফরহানুল গনি চৌধুরী।
বিভিন্ন সময়ে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে কৌশল বদলে দেওয়ানি বা সিভিল মামলা করা হচ্ছে বলে তথ্য দিয়ে বাংলাদেশ ব্যাংক বলেছে, এরকম ৬টি দেওয়ানি মামলার অগ্রগতি হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম মিলনায়তানে সোমবার ব্যাংকের গঠিত ‘স্টোলেন অ্যাসেট রিকোভারি টাস্কফোর্স’ বিষয়ক উপদেষ্টা ফরহানুল গনি চৌধুরী এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন।
ছয়টি দেওয়ানি মামলার অগ্রগতির কথা তুলে ধরে তিনি বলেন, ‘‘আগে শুধু ক্রিমিনাল কেইস করা হত। এখন আমরা সিভিল কেইসও করছি। নতুন করে অর্থপাচার বিষয়ে মোট ৪০টি মামলা করা হয়েছে। এসব মামলা দেওয়ানি হিসেবে করা হয়। পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিদেশি একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে দেশের তফসিলি ব্যাংকগুলো। এই চুক্তি তদারকি করছে আর্থিক গোয়েন্দা সংস্থা ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও স্টোলেন অ্যাসেট রিকোভারি টাস্কফোর্স।”
চুক্তি অনুযায়ী পাচার হওয়া অর্থ ফেরত আসলে কমিশন হিসেবে বিদেশি প্রতিষ্ঠানগুলো অর্থ পাবে বলেও তথ্য দেন তিনি।
ফরহানুল গনি চৌধুরীর দাবি, সবশেষ চুক্তিবদ্ধ বিদেশি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সিকদার গ্রুপের পাচার হওয়া অর্থের মধ্যে ৫০ কোটি ডলার শনাক্ত করতে পেরেছে বিএফআইইউ।
সেই অর্থ ফেরাতে এরইমধ্যে চুক্তি করেছে একীভূত হওয়া সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনে থাকা শরিয়াহভিত্তিক এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক এবং রাষ্ট্রায়ত্ব জনতা, অগ্রণী, বেসরকারি ন্যাশনাল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, আইএফআইসি ও এবি ব্যাংক।
ফরহানুল গনি বলেন, “বিদেশি প্রতিষ্ঠান, সরকার ও বিভিন্ন সংস্থার কাছে এসব ব্যক্তি ও গ্রুপের খেলাপি ঋণের তথ্য দেওয়া হয়েছে।”
খেলাপি ঋণের তথ্য দেওয়াতে অর্থ শনাক্ত প্রক্রিয়া ‘অনেক’ সহজ হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, “ব্যাংকগুলোর খেলাপি ঋণের তথ্য দেওয়াতে বিদেশি প্রতিষ্ঠানগুলো ধারণা করতে পারছে কি পরিমাণ অর্থ পাচার হতে পারে।”
পাচার হওয়া অর্থ ফেরাতে আরও ৫ থেকে ১০ বছর সময় লাগবে দাবি করে ফরহানুল গনি বলেন, ‘‘অর্থে ফেরত আনাটা দীর্ঘ ও জটিল ব্যাপার। আমরা গত দুই বছরে অনেক কিছুই জানতে পেরেছি। যেহেতু এটা বাংলাদেশের কাছে নতুন ও যারা টাকা এনে দেবেন তাদের কাছেও নতুন বিষয়, তারা তো বাংলাদেশকে জানেন না। এ জন্য সময় লাগবে।”
দেশের ব্যাংক খাত থেকে যেভাবে অর্থ বিদেশে সরিয়ে নেওয়া হয়েছে, বিশ্বে এমন নজির বিরল বলেও মন্তব্য করেন ফরহানুল গনি চৌধুরী। এমনকি ব্যাংক খাত থেকে অর্থ পাচারের ঘটনায় বাংলাদেশ বিশ্বে শীর্ষেও থাকতে পারে বলেও অনুমান তার।
অর্থপাচারের ঘটনাগুলো তদন্ত করতে ২০২৪ সালে এই টাস্কফোর্স গঠন করে বাংলাদেশ ব্যাংক। অগ্রাধিকারভাবে ১১টি গ্রুপের বিরুদ্ধে তদন্ত শুরু করে টাস্কফোর্স।
পাচার হওয়া অর্থ ফেরাতে প্রথম ধাপে শুধু ফৌজদারি মামলা করা হয়। পরবর্তীতে দেওয়ানি মামলা করা শুরু করে টাস্কফোর্স। প্রথম দিকে বড় অঙ্কের অর্থ নিয়ে দেওয়ানি মামলা হলেও পরবর্তীতে ২০০ কোটি টাকার বেশি অর্থ সরানোর ঘটনাকেও মামলার আওতায় আনা হয়। দ্বিতীয় ধাপে টাস্কফোর্স ৪০টি দেওয়ানি মামলা করেছে বলে সংবাদ সম্মেলনে জানান ফরহানুল গনি।
সাবেক ভূমিমন্ত্রীর অর্থ শনাক্ত
সংবাদ সম্মেলনে জানানো হয়, এরইমধ্যে বিভিন্ন দেশে পাচার হওয়া বড় ধরনের অর্থের সন্ধান পেয়েছে টাস্কফোর্স। এর মধ্যে অনেক অর্থ অবরুদ্ধ করা হয়েছে।
প্রাথমিকাভাবে অস্থায়ীভাবে অবরুদ্ধ করা এসব অর্থের পরিমাণ জানতে চাইলেও তার কোনো অঙ্ক না দিয়ে ফরহানুল গনি বলেন, “পাচারকারীরা বিভিন্ন লেয়ারে অর্থ রাখেন। বাংলাদেশ থেকে এত হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে, তারা অলরেডি এই দুই বছর কেনো, সবসময় লেয়ারিং এর মধ্যেই আছে। প্রতিনিয়ত তারা এক স্থান থেকে সড়িয়ে আরেক দেশে অর্থ নিয়ে যান। এখন সেই তথ্য প্রকাশ হলে টাকা আরেক দেশে চলে যাবে।”
পাচারকারীদের অর্থ সরানোর স্তর বাড়লে টাকা উদ্ধার আরও জটিল ও সময়সাপেক্ষ হবেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগ সরকারের মেয়াদে ভূমিমন্ত্রীর দায়িত্বে থাকা সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা ২৫ কোটি পাউন্ড সমপরিমাণ সম্পদ অবরুদ্ধ করেছে দেশটির সরকার। এই তথ্য ব্রিটিশ সরকারের প্রতিনিধিসহ নানা মাধ্যমে প্রকাশ হয়ে গেছে। বর্তমানে স্থানীয় মুদ্রায় এ অর্থের পরিমাণ ৪ হাজার ১২৫ কোটি টাকার বেশি বলেও জানান টাস্কফোর্সের উপদেষ্টা।
অন্যদিকে অর্থপাচারের আরেকটি ঘটনায় বাংলাদেশের সাড়া দিতে দেরি করা হয়। যুক্তরাজ্যে অবরুদ্ধ হওয়া ওই ২ কোটি ৫০ লাখ ডলার (স্থানীয় মুদ্রায় ৩১০ কোটি টাকা) পরবর্তীতে দেশটির সরকার অবরুদ্ধের আদেশ তুলে নেয়। তাতে ওই অর্থ আরেক দেশে সড়িয়ে নিয়েছে পাচারকারী এক ব্যক্তি।
সংবাদমাধ্যমে আসা এ খবরের বিষয়ে প্রশ্ন করলে সংবাদ সম্মেলনে বিএফআইইউ পরিচালক সৈয়দ মাহবুব আলম বলেন, ‘‘যেই অর্থটা বিদেশে ফ্রিজ করা ছিল, এটা হচ্ছে সাময়িক সময়ের জন্য। একটা নির্দিষ্ট তারিখে। ওই নির্দিষ্ট তারিখে আমরা আমাদের প্রসিডিউর করেছি। কিন্তু অনাকাঙ্খিতভাবে ওই ৩০ দিনের মাথায় টাকাটা আরেক দেশে পাচার হয়ে গেছে। তারপরও আমরা ওই টাকার পিছনে আছি। ইনশাআল্লাহ একটা কিছু ভবিষ্যতে হবে।’’
বেসরকারি ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী চৌধুরীর নামের বিপরীতে ৩১০ কোটি টাকার অর্থ এক মাসের জন্য সাময়ীকভাবে অবরুদ্ধ করেছিল যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। এরপর তারা সময় দিয়ে বাংলাদেশের কাছে আরও প্রমাণ চায়। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে প্রমাণ দিতে না পারায় অবরুদ্ধের আদেশ তুলে নেয় যুক্তরাজ্য সরকার।
