মুন্সীগঞ্জে ‘মাদকব্যবসা নিয়ে দ্বন্দ্ব’, যুবককে কুপিয়ে হত্যা
পুলিশ জানায়, দুই যুবকের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে ফজলকে কুপিয়ে জখম করে অপর যুবক।
মুন্সীগঞ্জ সদরে ‘মাদকব্যবসা নিয়ে দ্বন্দ্বের’ জের ধরে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে এক যুবক খুন হয়েছেন।
সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ সদর থানার ওসি তারিকুজ্জামান।
নিহত ফজল হক দেওয়ান (৩৮) উপজেলার চর মুক্তারপুর গ্রামের নুরু দেওয়ানের ছেলে।
সন্ধ্যায় তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
স্থানীয়দের বরাতে ওসি তারিকুজ্জামান জানান, সোমবার বেলা ১২টার দিকে চর মুক্তারপুর গ্রামে শাহ সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে ফজল হক ও মোশারফ হোসেনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মোশারফ ধারালো অস্ত্র দিয়ে ফজলকে কুপিয়ে জখম করে।
গুরুতর অবস্থায় ফজলকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।
ফজলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ জনতা মোশারফের বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাট চালায় বলে জানায় পুলিশ।
এর আগে রোববার ওই এলাকায় ধূমপানে বাধা দেওয়াকে কেন্দ্র করে আব্দুল্লাহ রাঢ়ী নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে অপর এক কিশোর।
