অবিচার-দুর্নীতি বন্ধে ‘হ্যাঁ’ ভোট দেবেন, বগুড়ায় আসিফ নজরুল
‘আপনারা যদি অন্যায়-অবিচারের পক্ষে থাকেন, তাহলে ‘না’ ভোট দেবেন।”
অবিচার ও দুর্নীতি বন্ধে গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন আইন, বিচার, ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।
তিনি বলেছেন, “আপনারা যদি চান দেশে থেকে বৈষম্য দূর হোক, নিপীড়ন দূর হোক, অবিচার দূর হোক, দুর্নীতি দূর হোক, তাহলে আপনি ‘হ্যাঁ’ ভোট দেবেন।
“আর আপনারা যদি অন্যায়-অবিচারের পক্ষে থাকেন, তাহলে ‘না’ ভোট দেবেন। আমরা এ দেশ থেকে দুর্নীতি, অবিচার, অনিয়ম, শোষণ দূর করার জন্য ‘হ্যাঁ’ ভোট দেব। মানুষ একটি নতুন বাংলাদেশে প্রবেশ করতে চায়।”
সোমবার দুপুরে বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে গণভোট নিয়ে ভোটারদের সচেতনতা বৃদ্ধিকরণ সংক্রান্ত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
আসিফ নজরুল বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার অসীম আত্মত্যাগের ভূমিকার কারণে আমরা একটি নতুন সময়ে উপস্থিত হয়েছি। যেখানে আমাদের ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগ কোনোভাবেই হারানো চলবে না।
“ভোট দেওয়া মানে হচ্ছে, আপনার সরকার আপনিই নির্ধারণ করবেন। আপনার জনপ্রতিনিধি কে হবেন, কে সংসদে গিয়ে আপনার কথা বলবেন। সেটি আপনিই ঠিক করবেন; যা আগে ঠিক করতো শেখ হাসিনা। এবার ১৮ কোটি মানুষ এটি ঠিক করবেন।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অসাধারণ ভোট উপহার দেওয়ার কথা জানিয়ে আসিফ নজরুল বলেন, “নির্বাচনে আমরা যাকে ইচ্ছা ভোট দেব। কিন্তু ভোট দেওয়ার সময় আমরা অন্যকে ভোটাধিকার প্রয়োগ করতে কোনো সমস্যা করব না।
“অন্যকে ভোট দিতে বাধা দিলে আপনি শেখ হাসিনা হয়ে গেলেন। কাজেই আমরা সবার ভোটাধিকার উন্মুক্ত রাখব।”
গণভোট নিয়ে আইন উপদেষ্টা বলেন, “প্রথমবারের মতো এবার প্রবাসী ভাইয়েরা ভোট দিতে পারছেন। প্রথমবারের মতো জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে হচ্ছে।
“জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা যখন দায়িত্ব গ্রহণ করেছিলাম তখন বলেছিলাম, আমাদের তিনটা প্রধান কাজ, একটি হচ্ছে সংস্কার, আরেকটি গণহত্যাকারীদের বিচার এবং অন্যটি নির্বাচন।”
অনুষ্ঠানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বগুড়ার অধ্যক্ষ এস এম প্রকৌশলী ইমদাদুল হক বক্তব্য দেন।
এ সময় বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।
