হবিগঞ্জে কালনী-কুশিয়ারার পানি বিপৎসীমার উপরে
খোয়াই, ধলেশ্বরীসহ জেলার সব নদীর পানি বাড়লেও এখনও বিপৎসীমার নিচেই রয়েছে।
হবিগঞ্জে বৃষ্টিপাতের পরিমাণ কমলেও নদ-নদীগুলোর পানি আবারও বাড়তে শুরু করেছে।
সোমবার সকাল পর্যন্ত কালনি-কুশিয়ারার পানি আজমিরীগঞ্জে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
এ ছাড়া খোয়াই, ধলেশ্বরীসহ জেলার সব নদীর পানি বাড়লেও এখনও বিপৎসীমার নিচেই রয়েছে। সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় হবিগঞ্জে মাত্র ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামিম হাসনাইন মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব পরিসংখ্যান জানানো হয়েছে।
সেখানে বলা হয়, কুশিয়ারা নদীর পানি সোমবার সকাল পর্যন্ত আজমিরীগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
তবে, শেরপুর পয়েন্টে বিপৎসীমার ৭০ সেন্টিমিটার এবং মার্কুলি পয়েন্টে ১৮২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। খোয়াই নদীর পানি সবগুলো পয়েন্টেই বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল
বিজ্ঞপ্তিতে বলা হয় খোয়াই নদীর বাল্লা পয়েন্টে পানি বিপৎসীমার ৮৪ সেন্টিমিটার, শায়েস্তাগঞ্জ পয়েন্টে ৪৮৯ সেন্টিমিটার এবং শহরের মাছুলিয়া পয়েন্টে ২৮৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
