২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা যাওয়ার পথে ফেনীর যুবদলের চার নেতা আটক

বুধবার রাত থেকে পুলিশ নেতা-কর্মীর বাড়িতে তল্লাশি চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির সদস্যসচিব।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2023, 07:54 PM

Updated : 26 Oct 2023, 07:54 PM

মহাসমাবেশে অংশ নিতে ঢাকা যাওয়ার পথে ফেনীর যুবদলের চার নেতাকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর উপজেলার বিসিক মোড় এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি করে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী।

আটকরা হলেন- ফেনী জেলা যুবদলের সহসম্পাদক মুন্সি এনামুল হক কামরুল, সদস্য আতিকুর রহমান মামুন, ফেনী পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রাসেল পাটোয়ারী ও ফেনী সদর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইস্রাফিল মাসুদ।

জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল বলেন, “২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে মহাসমাবেশে অংশ নিতে এরই মধ্যে ফেনী থেকে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের ১০ হাজার নেতা-কর্মী ঢাকা পৌঁছেছে।

“বৃহস্পতিবার বিকালে যুবদলের চার নেতা যাত্রীবাহী স্টার লাইন বাসে ঢাকা যাচ্ছিলেন। পথে বিসিক মোড় এলাকায় বাসে তল্লাশি করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ফেনী মডেল থানা পুলিশ তাদের আটক করেছে।”

নেতা-কর্মীদের বাড়িতে তল্লাশির অভিযোগ করে তিনি আরও বলেন, বুধবার রাত থেকে নেতা-কর্মীর বাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। যাদের নামে মামলা নেই এমন অনেক বিএনপির নেতা-কর্মীর বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে।

এ বিষয়ে ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, বাসে তল্লাশি করে যাদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে কোনো মামলা আছে কি-না সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির নেতাদের বাড়িতে তল্লাশির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “ওয়ারেন্ট ছাড়া বিএনপির কোনো নেতার বাড়িতে তল্লাশি হয়নি।”