২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাকুন্দিয়ায় সভা মঞ্চ ভাঙচুরের অভিযোগ সাংসদ সমর্থকদের বিরুদ্ধে

সংসদ সদস্য নূর মোহাম্মদ বলেন, “আব্দুল কাহহার আকন্দ অনেকদিন ধরেই আমার বিরুদ্ধে নানা আজেবাজে কথা বলছেন; অপপ্রচার ও উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন।”

পাকুন্দিয়ায় সভা মঞ্চ ভাঙচুরের অভিযোগ সাংসদ সমর্থকদের বিরুদ্ধে

শনিবার কিশোরগঞ্জ শহরের একটি পত্রিকার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আব্দুল কাহহার আকন্দ।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2023, 08:31 PM

Updated : 15 Jul 2023, 08:31 PM

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রতিপক্ষের সমর্থকদের বিরুদ্ধে জনসংযোগের সভা মঞ্চ ভেঙে ফেলার অভিযোগ এনেছেন আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী সাবেক ডিআইজি আব্দুল কাহার আকন্দ।

শনিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের একটি পত্রিকার কার্যালয়ে সংবাদ সম্মেলন এই অভিযোগ করেন বঙ্গবন্ধু হত্যা মামলার এই তদন্ত কর্মকর্তা।

আব্দুল কাহহার আকন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। ২০১৯ সালে চাকরি থেকে অবসর গ্রহণের পর তিনি এলাকায় জনসংযোগ চালাচ্ছেন। ওই এলাকার বর্তমান সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ।

সংবাদ সম্মেলনে আব্দুল কাহহার আকন্দ অভিযোগ করেন, শুক্রবার বিকালে তিনি পাকুন্দিয়ার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ষাইটকাহন এলাকায় মনবিনিময় সভার ঘোষণা দেন। পরে সেখানে বর্তমান সংসদ সদস্যের সমর্থকরাও কর্মসূচির ঘোষণা দেয়।  

এতে বিশৃঙ্খলা হতে পারে এমন আশঙ্কায় প্রশাসনের সঙ্গে কথা বলে তিনি তার সভার স্থান একই ইউনিয়নের মাইজহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নিয়ে আসেন এবং সেখানে সভামঞ্চ তৈরি করেন।

সেই মঞ্চ সংসদ সদস্য নূর মোহাম্মদের সমর্থকরা ভাঙচুর করেছে বলে অভিযোগ করেন মনোনয়ন প্রত্যাশী আব্দুল কাহহার আকন্দ। 

তিনি আরও বলেন, “অনুষ্ঠান করার আগে জেলা ও পুলিশ প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছিল। মঞ্চ ভাঙচুরের পর সেখানে উত্তেজনা বিরাজ করছে। এ ছাড়া সমর্থকদেরকে বিভিন্নভাবে ভয়-ভীতি ও হুমকি  দেওয়া হচ্ছে। ফলে তারা নিরাপত্তহীনতার ভোগছেন।

আবার যেকোনো সময় হামলা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন সাবেক ডিআইজি।

এ ব্যাপারে জানতে চাইলে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি আমি শুনেছি। আব্দুল কাহহার আকন্দ অনেকদিন ধরেই আমার বিরুদ্ধে নানা আজেবাজে কথা বলছেন। অপপ্রচার ও উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। এসবের অডিও-ভিডিও আমার কাছে আছে।

“তার এসব কর্মকাণ্ডের কারণে স্বভাবতই আমার কর্মী-সমর্থকরা ক্ষুব্ধ। তারা সেই ক্ষোভ থেকেই মঞ্চের খুঁটি ভেঙে দিয়েছে বলে জানতে পেরেছি”, যোগ করেন সংসদ সদস্য।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম আকন্দ, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. লুৎফুর রহমান রানা, যুবলীগ নেতা মো. দীদার আকন্দ, মো. দিদার আকন্দ, ব্যবসায়ী মো. মাইন উদ্দিন, আল আমিন।