০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

রাষ্ট্রদ্রোহের মামলা: সাবেক সেনা কর্মকর্তা হাফিজকে রিমান্ডে চায় ডিবি

ঢাকার বনানী এলাকা থেকে শনিবার রাতে আব্দুল হাফিজকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Nov 2026, 04:19 PM

Updated : 01 Nov 2026, 04:19 PM

ঢাকার পল্লবী থানার রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার সুরক্ষা আইনের মামলায় অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে ডিবি পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের ইন্সপেক্টর শেখ বশির আহমেদ রোববার এ রিমান্ড আবেদন করেন।

প্রসিকিউশন বিভাগের এসআই আবু বকর ছিদ্দিক বলেন, “ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসানের আদালতে রিমান্ড বিষয়ে শুনানি হবে।”

এরআগে শনিবার রাতে ঢাকার বনানী এলাকা থেকে আব্দুল হাফিজকে গ্রেপ্তার করে ডিবি। এ মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া ও লেফটেন্যান্ট গুলশান আরাকে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

মামলার বিবরণে বলা হয়, আসামিরা নিজ বাসায় অবস্থান করে ‘বাংলাদেশ আওয়ামী লীগ সাপোর্টারস আলফা’ এবং ‘বিবিএম ট্রান্সপারেন্সি’ নামে সরকারবিরোধী হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত থেকে তহবিল সংগ্রহ ও সহিংস উসকানিমূলক ডিজিটাল কন্টেন্ট তৈরি করে বিভিন্ন সামাজিক প্লাটফর্মে প্রচার করছেন। এছাড়া অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ইউনিটি কেয়ার ও পাবলিক পার্লামেন্ট প্লাটফর্মের মাধ্যমে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে দলটির পুনর্বাসন ও রাষ্ট্রবিরোধী অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত।

তারা ‘কালআজকাল. কম’ নামে ফেইসবুক পেইজ তৈরি করে সহিংসতা ও অস্থিতিশীলতা উসকে দেওয়ার মতো কন্টেন্ট তৈরি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা এবং ফেইসবুক আইডি ব্যবহার করে রাষ্ট্রবিরোধী কার্যক্রম প্রচার ও পরিচালনা করছেন।

নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালের ৬ সেপ্টেম্বর আওয়ামী লীগের তৎকালীন ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের হাতে ফুল দিয়ে দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন হাফিজসহ সামরিক বাহিনীর সাবেক কয়েকজন কর্মকর্তা।

আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য হাফিজ ২০১৮ ও ২০২৪ সালের সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে দলটির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের এ সদস্য ২০১৪ সালে মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হতে চেয়েছিলেন। তিনি বঙ্গবন্ধু সেনা পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্বেও রয়েছেন।

পুরনো খবর:

সাবেক সেনা কর্মকর্তা হাফিজ গ্রেপ্তার