মুন্সীগঞ্জের সাবেক সংসদ সদস্য ও উপমন্ত্রী আব্দুল হাইয়ের জীবনাবসান
ঢাকা-৮ আসনে একবার ও মুন্সীগঞ্জ-৪ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।
মুন্সীগঞ্জের পাঁচ বারের নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর।
বুধবার রাত পৌনে ১ টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন তার বড় ছেলে ইফতেখারুল আলম রিপন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মুন্সীগঞ্জের রাজনীতিতে ছিলেন উজ্জ্বল নক্ষত্র। বিএনপির দুর্দিনে দলের হাল ধরে রেখেছিলেন তিনি। তিনি কেন্দ্রীয় বিএনপির সাবেক সমাজকল্যাণ সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন।
ঢাকা-৮ আসনে একবার ও মুন্সীগঞ্জ-৪ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি পঞ্চম জাতীয় সংসদে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া প্যানেল স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
তার মৃত্যুতে মুন্সীগঞ্জের রাজনৈতিক অঙ্গণে ও সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা হওয়ার কথা রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এরপর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকাল ৪টায় দ্বিতীয়, সন্ধ্যার পর মুন্সীগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় দলীয় কার্যালয়ে তৃতীয় জানাজা এবং রাতে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মিরেশ্বরাই আলিয়া মাদ্রাসার ঈদগাহ মাঠে চতুর্থ ও শেষ জানাজা হবে বলে জানা গেছে।
