২৪ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩

শ্যামলীতে ছিনতাইকারীর কবলে সাংবাদিক, ব্যাগ খোয়ালেন স্ত্রী

সিসিটিভি ক্যামেরার ভিডিও বিশ্লেষণ করে বাইকটি শনাক্ত করার কথা জানিয়েছে পুলিশ।

শ্যামলীতে ছিনতাইকারীর কবলে সাংবাদিক, ব্যাগ খোয়ালেন স্ত্রী

ছিনতাইয়ের প্রতীকী ছবি। এআই দিয়ে তৈরি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Oct 2026, 09:29 PM

Updated : 24 Oct 2026, 09:31 PM

ঢাকার শ্যামলীতে ব্যাটারিচালিত রিকশায় যাওয়ার সময় ছিনতাইকারীর কবলে পড়েছেন এক সাংবাদিক ও তার স্ত্রী।

শনিবার সকাল সোয়া ৭টার দিকে শ্যামলী শিশুমেলা এলাকায় বাইকে করে আসা ছিনতাইকারীরা হ্যাঁচকা টানে তার স্ত্রীর ব্যাগ ছিনিয়ে নেয় বলে পুলিশ জানিয়েছে।

ওই ঘটনায় সাংবাদিক শাহজাহান আকন্দ শুভ মোহাম্মদপুর থানায় অভিযোগ দিয়েছেন বলে এ থানার এসআই রকিবুল জানিয়েছেন।

শাহজাহান আকন্দ শুভ দৈনিক আমাদের সময়ের অপরাধ বিষয়ক প্রতিবেদকদের প্রধানের দায়িত্ব পালন করছেন। স্ত্রীর সঙ্গে আজিমপুরের বাসা থেকে কল্যাণপুরে যাচ্ছিলেন তিনি।

এসআই রকিবুল বলেন, ছিনতাইকারীরা ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে। সেখানে ৩৫ হাজার টাকা, দুটি মোবাইল ফোন, ব্যাংকের ডেবিট কার্ড ও ঘড়িসহ অন্যান্য জিনিসপত্র ছিল।

ঘটনার পর আশপাশের কয়েকটি সিসিটিভি ক্যামেরার ভিডিও বিশ্লেষণ করে প্রাথমিকভাবে বাইকটি শনাক্ত করার কথা জানিয়েছেন তিনি।

থানায় দেওয়া অভিযোগে সাংবাদিক শুভ বলেন, পারিবারিক কাজে কল্যাণপুর থেকে বাসে তার স্ত্রীর কুষ্টিয়া যাওয়ার কথা ছিল। সে কারণে স্ত্রীকে নিয়ে বাসা থেকে বের হয়েছিলেন। তাদের রিকশাটি শিশুমেলার বিপরীত পাশের সড়কে ফুটব্রিজের সামনে গেলে পেছন থেকে একটি বাইকে আসা দুইজন তার স্ত্রীর হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যান।