২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্টে ২ ভাইয়ের মৃত্যু

খামারের বেড়ায় বিদ্যুতের সংযোগ ছিল।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2023, 06:24 PM

Updated : 08 Jul 2023, 06:24 PM

নীলফামারীর জলঢাকায় মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই।

জলঢাকা থানার পরিদর্শক মুক্তারুল আলম জানান, শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার খুটামারা ইউনিয়নের টেংগনমারী হাফেজিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন: খালিশা খুটামারা তহসীলদার পাড়ার মমতাজ উদ্দিনের ছেলে আনিছুর রহমান (৫২) ও আমিনুর রহমানের ছেলে লিটন আহমেদ (৩৭)।

স্থানীয়দের বরাত দিয়ে জলঢাকা থানার উপপরিদর্শক আবু তালেব আকন্দ জানান, টেংগনমারী হাফেজিয়া এলাকায় ওই মুরগির খামার স্থাপন করেন খুটামারা ইউনিয়ন জামায়াতের আমীর মো. কামরুজ্জামান। শিয়াল, বুনোবিড়ালের আক্রমণ থেকে মুরগির বাচ্চাদের রক্ষা করতে খামারের চারিদিকে থাকা জিআই তারের বেড়ায় রাতে বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখেন তিনি।

শুক্রবার সকালে ওই বেড়ার বিদ্যুৎ সংযোগ বিছিন্ন না করেই আত্মীয়ের বাড়ি চলে যান কামরুজ্জামান।

স্থানীয়রা জানায়, দুপুরে ওই খামারের শ্রমিক আনিছুর রহমান কাজে আসেন। তিনি জিআই তারের বেড়া স্পর্শ করার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় ওই খামারে থাকা আনিছুরের চাচাতো ভাই লিটন তাকে বাঁচাতে গেলে দু’জনেই স্পৃষ্ট হন। পরে স্বজনরা স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে আনিছুর ও লিটনকে উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে যান খুটামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রকিবুল ইসলাম।

তার দাবি, বৃষ্টির কারণে বৈদ্যুতিক তার ছিঁড়ে ওই বেড়ায় পড়েছিল।

জলঢাকা থানার পরিদর্শক মো. মুক্তারুল আলম বলেন, আনিছুর ও লিটনের মরদেহ উদ্ধার করে রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। তবে আলাদা দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।