বনানীতে গ্যাসের আগুনে প্রাণ গেল ফিলিপিনো নারীর
গত ১৫ অক্টোবর তিনি বাংলাদেশে আসেন।
রাজধানীর বনানীতে রান্নাঘরে গ্যাসের আগুনে দগ্ধ হয়ে কেইস্টিন ভার বুনাগ নামের এক ফিলিপিনো নারীর মৃত্যু হয়েছে।
সোমবার ভোররাত সাড়ে ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন সেখানকার আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৩২ বছর বয়সি এ নারীর শরীরের ৬৩ শতাংশ দগ্ধ ছিল। নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
গত ১৫ অক্টোবর ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন কেইস্টিন বুনাগ। তিনি বনানীর ৭ নম্বর রোডের ৬৬ নম্বর বাসার একটি ফ্ল্যাটে ওঠেন।
তাকে হাসপাতালে নিয়ে আসেন বাসা ব্যবস্থাপক আল আমিন।
তিনি জানান, বাসায় সিলিন্ডার গ্যাসে রান্নার সুবিধা আছে। ২৮ অক্টোবর সকালে রান্নার জন্য কেইস্টিন বুনাগ চুলা জ্বালাতে গেলে হঠাৎই আগুন ধরে যায়। তাকে উদ্ধার করে প্রথমে গুলশানের কন্টিনেন্টাল (সাবেক ইউনাইটেড) হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রোববার বিকালে তাকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
জাপানি নাগরিক নাকাসিমা ফুমিয়াকি জানিয়েছেন, নিহত কেইস্টিন বুনাগের সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক ছিল। তারা দুজনে গত ১৫ অক্টোবর বাংলাদেশে এসে বনানীর বাসাটিতে ওঠেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান জানান, বনানীতে দগ্ধ হয়ে এক ফিলিপিনো নারী জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য জাতীয় বার্নের মর্গে রাখা হয়েছে।
