কুমিল্লা জামায়াতের সাবেক আমিরসহ ২ নেতাকে অব্যাহতি
মহানগর কার্যালয়ে সভা চলাকালে সংঘটিত হামলা, হাতবোমা বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় এ সিদ্ধান্ত নিয়েছে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।
কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির কাজী দ্বীন মোহাম্মদ এবং নায়েবে আমির এ কে এম এমদাদুল হক মামুনের সদস্যপদ বাতিল করেছে জামায়াতে ইসলামী।
মহানগর কার্যালয়ে সভা চলাকালে সংঘটিত হামলা, হাতবোমা বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।
রোববার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা মহানগরের তত্ত্বাবধায়ক মাওলানা আবদুল হালিম।
তিনি বলেন, ১৪ অক্টোবর কুমিল্লা মহানগর জামায়াত কার্যালয়ে সভা চলাকালে সৃষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
পরে ২৬ অক্টোবর জামায়াত আমির শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে কাজী দ্বীন মোহাম্মদ এবং এ কে এম এমদাদুল হক মামুনের সদস্যপদ (রুকনিয়াত) বাতিলের সিদ্ধান্ত হয়।
ঘটনার দিন সন্ধ্যায় কুমিল্লা মহানগর জামায়াত কার্যালয়ে কমিটি গঠনকে কেন্দ্র করে হামলা, হাতবোমার বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটে। সেই সময় মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের ব্যক্তিগত গাড়িও ভাঙচুর করা হয়।
ঘটনার দুই দিনের মাথায় ১৬ অক্টোবর কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি ভেঙে দেয় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।
জামায়াত এক বিজ্ঞপ্তিতে জানায়, দলের গঠনতন্ত্রের ১৬ নম্বর ধারার ৩ নম্বর উপধারার ‘চ’ অনুচ্ছেদ অনুসরণ করে ৬৩ নম্বর ধারার ক্ষমতাবলে মহানগর জামায়াতের সংগঠন ও ইমারাত ভেঙে দেওয়া হয়েছে। পরবর্তী সময় কেন্দ্রের তত্ত্বাবধানে মহানগর সংগঠন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমকে এ দায়িত্ব দেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ ছাড়া ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য ছিলেন জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।
ওই ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে ১৫ অক্টোবর এবি পার্টির কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীকে সাময়িক অব্যাহতি দেয় দলটি।
তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিস দেওয়ার কথাও জানানো হয়েছিল।
